২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সংস্কার চায় ইউজিসি

উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়ার গুণগত মানকে প্রশ্নবিদ্ধ ও ব্যয়বহুল উল্লেখ করে এতে ‘আমূল’ সংস্কারের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন- ইউজিসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2012, 08:07 AM

Updated : 24 Aug 2022, 11:40 AM

শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়ার গুণগত মানকে প্রশ্নবিদ্ধ ও ব্যয়বহুল উল্লেখ করে এতে ‘আমূল’ সংস্কারের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন- ইউজিসি। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়াকে আরো স্বচ্ছ, মেধাভিত্তিক ও বিধিসম্মত করা আবশ্যক বলেও মনে করে কমিশন। ইউজিসির ২০১০ সালের বার্ষিক প্রতিবেদনে ৩৫টি পর্যবেক্ষণ ও সুপারিশ তুলে ধরা হয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সোমবার রাতে জাতীয় সংসদে প্রতিবেদনটি উত্থাপন করেন। এতে বলা হয়, “বর্তমানে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহে প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়া অত্যন্ত ব্যয়বহুল এবং এই পরীক্ষার গুণগত মান বর্তমানে প্রশ্নবিদ্ধ।” বর্তমান পদ্ধতিতে প্রতি শিক্ষার্থীকে ৬-১০ টি ভর্তি পরীক্ষা দিতে হয় উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, “এই দীর্ঘ সময় তারা কোচিং সেন্টারের শরণাপন্ন থাকে, মানসিক চাপ ও একই বিষয় নিয়ে দীর্ঘকাল অধ্যয়নরত থাকার ফলে তাদের সৃজনশীলতা বহুলাংশে হ্রাস পায়। ফলে কমিশন এই ভর্তি পরীক্ষার আমূল পরিবর্তনের সুপারিশ করে।” সেরা øাতক শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য দেশের বাইরে গিয়ে আর ফিরে না আসায় উদ্বেগ প্রকাশ করেছে ইউজিসি। ফলে এদের ‘সেবা’ থেকে দেশ বঞ্চিত হচ্ছে এবং এমফিল ও পিএইচডি পর্যায়ে গবেষণা ব্যাহত হচ্ছে বলেও মনে করে কমিশন। অন্যদিকে ‘কতিপয়’ বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে øাতক পাসকারীদের শিক্ষাগত যোগ্যতা প্রশ্নবিদ্ধ বলে কমিশন উদ্বেগ জানিয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে সিন্ডিকেট গঠন করে নিয়মিত সভা করা এবং একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী পরিচালিত হচ্ছে কিনা গভীরভাবে পর্যবেক্ষণ করা জরুরি বলেও মনে করে ইউজিসি। “অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আয়-ব্যয় সংক্রান্ত সুস্পষ্ট কোনো নীতিমালা না থাকায় ভর্তি ও টিউশন ফি, শিক্ষকদের বেতন-ভাতাসহ অন্যান্য বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পার্থক্য রয়েছে।” বিশ্ববিদ্যালয়ে গবেষণা কার্যক্রমকে আরো গতিশীল ও বিশ্বমানে উন্নীত করতে এ খাতে বাজেট বাড়ানো প্রয়োজন বলে মনে করে ইউজিসি। কিছু কিছু সরকারি বিশ্ববিদ্যালয়ে সেশনজটের কারণে একাডেমিক সেশন আশঙ্কাজনকভাবে পিছিয়ে পড়লে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, “এর ফলে শিক্ষার্থী ও অভিভাবকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন। অন্যদিকে রাষ্ট্রীয় ও সামাজিক সম্পদেরও প্রচুর অপচয় ঘটছে।” দলীয় রাজনীতির প্রভাবসহ বিভিন্ন করণে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বিঘিœত হচ্ছে উল্লেখ করে কমিশন বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ে সুস্থধারার ছাত্র-শিক্ষক রাজনীতি প্রতিষ্ঠার জন্য স্ব স্ব বিশ্ববিদ্যালয়কে জরুরিভিত্তিতে উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছে। সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা বা কনসালটেন্সি করায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে উল্লেখ করে ইউজিসির প্রতিবেদনে এ সংক্রান্ত নীতিমালা প্রণয়ন ‘বাঞ্ছনীয়’ বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালগুলোত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারি নিয়োগ প্রক্রিয়া ক্রটিপূর্ণ হওয়ায় বিভিন্ন ক্ষেত্রে বিশৃঙ্খলা হয় উল্লেখ করে প্রতিবেদনে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মেধা, দক্ষতা ও যোগ্যতাকে প্রাধান্য দিয়ে বিশেষজ্ঞ প্যানেল ও পুল গঠন করে স্বচ্ছ ও গ্রহণযোগ্য পরীক্ষা এবং ক্লাস ডেমোনেস্ট্রশন ব্যবস্থার মাধ্যমে শিক্ষক নিয়োগ সম্পন্নের সুপারিশ করা হয়েছে। সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে সরকারের একার পক্ষে আর্থিক যোগান দেওয়া সম্ভব নয় উল্লেখ করে বিশ্ববিদ্যালগুলোকে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া খুবই জরুরি বলেও মনে করে কমিশন। প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাদে ২৯টি সরকারি বিশ্ববিদ্যালয়ে ২০১০ সালে ৫৬ হাজার ১৯২টি আসন ছিল। এসব আসনের বিপরীতে ৫৮ হাজার ১৭০ জনকে ভর্তি করা হয়। কিন্তু ওই বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৫১ হাজার ৩৭টি আসন শূন্য ছিল। ২০১০ সালে ৩১টি সরকারি বিশ্ববিদ্যালয় (উন্মুক্ত ও জাতীয় বিশ্ববিদ্যালয়সহ) এবং এদের অধীন অধিভুক্ত ও অঙ্গীভুত কলেজ/মাদ্রাসায় শিক্ষার্থী ছিল ১৭ লাখ ৩৬ হাজার ৮৮৭ জন। আর ২০১০ সালে ৫১টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ছিল দুই লাখ ২০ হাজার ৭৫২ জন। সরকারি বিশ্ববিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীর অনুপাত ১.৫:১। ২০১০ সালে ১৭টি সরকারি বিশ্ববিদ্যালয়ে ৩৫৯ জন বিদেশি শিক্ষার্থী পড়াশোনা করে। ২০০৯ সালে ৩৫৯ জন এবং ২০০৮ সালে ২২১ জন বিদেশি শিক্ষার্থী সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। অন্যদিকে ২০১০ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে এক হাজার ৫৫৭ জন বিদেশি শিক্ষার্থী পড়াশোনা করে প্রতিবেদনে বলা হয়েছে। ইউজিসির হিসাব মতে, ২০১০ সালে ৩১টি সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কলা ও মানবিক বিষয়ে ৩৪ শতাংশ, সামাজিক বিজ্ঞানে ১৫ শতাংশ, বিজ্ঞান, কষি ও কারিগরিতে ১৯ দশমিক ৫ শতাংশ, বাণিজ্যে ২৯ শতাংশ, আইনে দুই শতাংশ এবং ডিপ্লোমা সার্টিফিকেট ও অন্যান্য বিষয়ে শূন্য দশমিক পাঁচ শতাংশ শিক্ষার্থী অধ্যয়নরত ছিল। অন্যদিকে ৫১টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ২০১০ সালে ব্যবসায় প্রশাসন বিষয়ে ৪৫ দশমিক ৬১ শতাংশ, বিজ্ঞান, চিকিৎসা, প্রকৌশল ও কৃষি বিজ্ঞান অনুষদে ২৭ দশমিক ৭৪ শতাংশ, ফার্মেসীতে তিন দশমিক ৩৭ শতাংশ এবং কলা, সামাজিক বিজ্ঞান ও আইন বিষয়ে ২৩ দশমিক ২৮ শতাংশ শিক্ষার্থী পড়াশোনা করে। জাতীয় এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাদে ২৯টি সরকারি বিশ্ববিদ্যালয়ে ২০১০ সালে শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত ছিল ১:১৯। একই সময়ে ৫১টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত ১:২৩ ছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসইউ/১৪০৫ ঘ.