ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথসহ তিনটি বিশ্ববিদ্যালয়ের সরকারি অর্থায়ন নিশ্চিত করতে বিশ্ববিদ্যালগুলোর আইন সংশোধনের পৃথক তিনটি বিল সংসদে উত্থাপিত হয়েছে।
সোমবার সংসদ অধিবেশনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জগন্নাথ, কুমিল্লা ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন সংশোধনের বিল উত্থাপন করেন।
বিলগুলো যাচাই-বাছাই করে আগামী এক মাসের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিলে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন-২০০৫ এর একটি উপধারা সংশোধন করে ‘সরকার ও মঞ্জুরী কমিশন কর্তৃক প্রদত্ত অনুদান বা বরাদ্দ’ প্রতিস্থাপিত হবে।
“এছাড়া বিশ্ববিদ্যালয় প্রকল্প বাস্তবায়িত হওয়ার পর নিজস্ব উৎস হতে আয় এবং বিশ্ববিদ্যালয় তহবিলে সরকার ও মঞ্জুরী কমিশন কর্তৃক বরাদ্দ অর্থ দ্বারা বিশ্ববিদ্যালয় ব্যয় নির্বাহ করবে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পৌনঃপুনিক ব্যয় নির্বাহে ক্রমান্বয়ে নিজস্ব আয় বৃদ্ধির চেষ্টা অব্যাহত রাখবে।”
বিশ্ববিদ্যালয় প্রকল্প বাস্তবায়িত হওয়ার পর বিশ্ববিদ্যালয় পৌনঃপুনিক ব্যয় যোগানে সরকার কর্তৃক প্রদেয় অর্থ ক্রমান্বয়ে হ্রাস পাবে এবং পঞ্চম বছর হতে উক্ত ব্যয়ের শতভাগ অর্থ বিশ্ববিদ্যালয় নিজস্ব আয় ও উৎস হতে বহন করতে হবে বলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন-২০০৫ এ বলা হয়েছিল।
এ প্রসঙ্গে বিলে বলা হয়েছে, আইনের এই বিধানটি বাস্তবসম্মত, শিক্ষা সহায়ক ও যুক্তিযুক্ত নয় বিধায় ধারার প্রয়োজনীয় সংশোধনী আনতে প্রধানমন্ত্রী মৌখিক নির্দেশনা দেন।
এই উপধারাটি সংশোধন হলে আইনটি ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন-২০১২’ নামে অভিহিত হবে।
এছাড়া কুমিল্লা ও কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইনের পৃথক উপধারা বাস্তবসম্মত, শিক্ষা সহায়ক ও যুক্তিযুক্ত না হওয়ায় ধারার প্রয়োজনীয় সংশোধনী আনতে বিশ্ববিদ্যালয় দুটিতে সরকারি অর্থায়নের বিল সংসদে উত্থাপন করেন শিক্ষামন্ত্রী।
২০০৬ সালের কুমিল্লা ও কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইনে বলা হয়েছিল- বিশ্ববিদ্যালয় প্রকল্প বাস্তবায়িত হওয়ার পর বিশ্ববিদ্যালয় পৌনঃপুনিক ব্যয় যোগানে সরকার কর্তৃক প্রদেয় অর্থ ক্রমান্বয়ে হ্রাস পাবে এবং দশম বছর হতে উক্ত ব্যয়ের শতভাগ অর্থ বিশ্ববিদ্যালয় নিজস্ব আয় ও উৎস হতে বহন করতে হবে।
এই উপধারাটি সংশোধন হলে ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন-২০১২’ এবং ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন-২০১২’ নামে অভিহিত হবে।
১৮৮৪ সালে প্রতিষ্ঠিত জগন্নাথ কলেজকে ২০০৫ সালে একটি আইনের মাধ্যমে পাবলিক বা সরকারি বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হয়। তবে আইনের ২৭ (৪) ধারায় বলা হয়েছিল, পাঁচ বছর পর বিশ্ববিদ্যালয়ের ব্যয়ভার তাদের নিজেদেরই বহন করতে হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আইনের এ ধারাটি পরিবর্তনের দাবি জানিয়ে গত বছরের সেপ্টম্বর মাসে বিক্ষোভ ও ভাংচুর করে।
একই দাবিতে কুমিল্লা ও কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আন্দোলন করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় তিনটিতে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের ন্যায় সরকারি অর্থায়নের ঘোষণা দেন।
শিক্ষামন্ত্রী ‘বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের বার্ষিক প্রতিবেদন-২০১০’ও সংসদে উত্থাপন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসইউএম/এমআই/২৩০০ ঘ.
bdnews24