ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাথমিক শিক্ষকদের দাবি সরকার নীতিগতভাবে মেনে নেওয়ার পর এবার চাকরি সরকারি করার দাবিতে আন্দোলনে নেমেছে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
এই দাবিতে সোমবার প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ।
সকাল ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে রওনা হয় বেসরকারি মাধ্যমিক শিক্ষকদের মিছিল।
শাহবাগে গণগ্রন্থাগারের সামনে ১২টার দিকে তাদের মিছিল আটকে দেয় পুলিশ। তখন শিক্ষকরা সেখানেই বসে পড়েন। তাদের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে রওনা হন।
ঐক্যজোটের আহ্বায়ক শাহজাহান আলী সাজু সাংবাদিকদের বলেন, তারা সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের মতো বাড়ি ভাড়াসহ অন্যান্য সুবিধা চাচ্ছেন।
মোট ১৬টি দাবিতে এই কর্মসূচি পালিত হচ্ছে তিনি জানান।
প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়ে প্রতিনিধি দলটি ফেরার পর বেলা আড়াইটার দিকে শাহবাগ এলাকা ছাড়ে শিক্ষকরা।
শিক্ষকরা শাহবাগে অবস্থান নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়মুখী সড়কের পশ্চিম অংশে। ফলে শাহবাগে গাড়ি চলাচল কোনো ধরনের ব্যাঘাত ঘটছে না।
এর আগে চাকরি সরকারি করার দাবিতে আন্দোলন করেছিল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। তাদের দাবি গত ২৭ মে নীতিগতভাবে মেনে নেয় সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬০০ ঘ.
bdnews24