রাজশাহী বিশ্ববিদ্যালয়, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সভা করা নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জামায়াতপন্থী কয়েকজন শিক্ষক এক শিক্ষককে মারধর করেছেন।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রকলা ভবনে হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগে এ হামলার শিকার হন বিভাগটির সভাপতি অধ্যাপক সুভাষ চন্দ্র শীল।
সুভাষ চন্দ্র শীল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার বিভাগের সভাপতির কক্ষে বিভাগের সাত সদস্যবিশিষ্ট পরিকল্পনা কমিটির সভা ছিল। তাতে অংশ নিতে সকাল সাড়ে ১১টার দিকে সদস্যরা বিভাগে উপস্থিত হন।
এ সময় সভাটি না করার জন্য সভাপতির কক্ষে এসে এক সদস্য অধ্যাপক মু. আব্দুল্লাহ আল-হারুন সভা না করতে বলেন।
অধ্যাপক সুভাষ বলেন, “আমি তাতে সাড়া না দিলে এক পর্যায়ে হারুনসহ অধ্যাপক মোহাম্মদ ম্ঈান উদ্দীন, আব্দুল মাজেদ চৌধুরী ও আনোয়ারুল হক আমার ওপর চড়াও হন।”
“কথা কাটাকাটির সময় তারা গ্লাস, চেয়ার ছোঁড়াছুঁড়ি করেন এবং আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।”
পরে অন্য শিক্ষকরা এগিয়ে এলে হামলাকারীরা কক্ষ থেকে চলে যান।
ঘটনাটি উপাচার্যকে মৌখিকভাবে জানিয়েছেন বলে জানান তিনি।
ঘটনার সত্যতা স্বীকার করে অ্যধাপক আব্দুল্লাহ ও মাঈন উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা শুরু থেকেই শিক্ষক নিয়োগের বিরোধিতা করে আসছিলেন।
অধ্যাপক আব্দুল্লাহ বলেন, “আমরা পরিকল্পনা কমিটির সভাটি গ্রীষ্মকালীন ছুটির পর করার অনুরোধ করেছিলাম। কিন্তু তারা তা করেননি।”
“এরই প্রেক্ষিতে কথা কাটাকাটির এক পর্যায়ে আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়,” যোগ করেন তিনি।
রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন করলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “হ্যাঁ আমি জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত।”
এটি একটি দুঃখজনক ও অনাকাঙ্খিত ঘটনা উল্লেখ করে রাবি শিক্ষক সমিতির সভপতি ড. মোয়াজ্জেম হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী সাধারণ সভায় বিষয়টি নিয়ে তারা আলোচনা করবেন।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৮০৩ ঘ.
bdnews24