রাজশাহী বিশ্ববিদ্যালয়, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দীর্ঘ সাত বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
শনিবার রাতে এ কমিটি ঘোষণা করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান সোহাগ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ রাসেল।
বদিউজ্জামান সোহাগ বলেন, “অনেক নেতা-কর্মীর ছাত্রত্ব শেষের পথে কিন্তু তারা ক্যাম্পাসে ছাত্রলীগের হয়ে যে ত্যাগ করেছেন তার একটি সুযোগ্য মূল্যায়ন করার চেষ্টা করা হয়েছে।”
রাবি ছাত্রলীগের সভাপতি আহমেদ আলী ও সাধারণ সম্পাদক আবু হুসাইন বিপু বলেন, অত্যন্ত স্বচ্ছতা আর দলীয় মূল্যায়নের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়েছে।
নব গঠিত কমিটির সহ-সভাপতি কে এম ওবাইদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ আরো গতিশীল হবে।
এদিকে কমিটি গঠনের খবর শোনার পর ছাত্রলীগের কর্মীরা রাতেই ক্যাম্পাসে আনন্দ মিছিল করেছে।
২০১১ সালে ২৬ জুন ছাত্রলীগের পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছিল। এর আগে ২০০৬ সালে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১১৩৮ ঘ.
bdnews24