ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নটরডেম কলেজে একাদশ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে ঢাকা বোর্ডের জারি করা বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করেছে হাই কোর্ট।
একটি রিট আবেদনে বৃহস্পতিবার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এবং বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ অন্তর্বর্তীকালীন এই আদেশ দেয়।
এর ফলে নটরডেম কলেজ তাদের মতো করে ভর্তি করতে পারবে বলে আবেদনকারীর আইনজীবী দাবি করেছেন।
আদালত একইসঙ্গে ১০ মে জারি করা ২০১২-১৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির ওই বিজ্ঞপ্তিকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছে।
শিক্ষা সচিব, ঢাকা বোর্ডের চেয়ারম্যান, একই বোর্ডের কলেজ পরিদর্শককে রুলে বিবাদি করা হয়েছে।
নটরডেম কলেছে এই বছর ভর্তিচ্ছু এক শিক্ষার্থীর বাবা সুপ্রিম কোর্টের আইনজীবী মো. কদম আলী মল্লিকের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে আদালত এই আদেশ দেয়।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন ড. কামাল হোসেন। তাকে সহায়তা করেন ব্যারিস্টার তানিম হোসাইন শাওন।
শাওন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নটরডেম কলেজের ক্ষেত্রে দেওয়া ওই স্থগিতাদেশের মেয়াদ ছয় মাস।
“এই আদেশের মাধ্যমে নটরডেম কলেজ নিজেদের মতো করে ভর্তি পরীক্ষা নেওয়ার স্বাধীনতা পেল,” বলেন তিনি।
অ্যাডভোকেট কদম আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিজ্ঞপ্তিতে বোর্ড বলেছে, একাদশ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে কোনো পরীক্ষা নেওয়া যাবে না। ঢাকা বোর্ড ভর্তিচ্ছুদের কলেজ নির্ধারণ করে দেবে। এ বিষয়ে কোনো আইনও নেই। একটি সার্কুলারের ভিত্তিতে এটা করা হচ্ছে।
“এটা মানুষের মৌলিক অধিকারের লংঘন। এতে বলা হয়েছে, এসএমএসের মাধ্যমে দরখাস্ত করতে হবে। বোর্ডের এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে বোর্ড কলেজ নির্ধারণ করে দেবে। ওই নাম্বার আবার তারা কাউকেই জানতে দিচ্ছে না। কলেজেরও গ্রেডিং করা নাই যে, তার ভিত্তিতে ধারাবাহিকভাবে শিক্ষার্থীদেরকে কলেজ বরাদ্দ দেওয়া হবে।”
ওই আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায় বলেন, আদালত ভর্তি বিজ্ঞপ্তিকে শুধু নটরডেম কলেজের ক্ষেত্রেই স্থগিত করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/০০৩২ ঘ.
bdnews24