২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির দুই উপ-উপাচার্যের দায়িত্ব ভাগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়োগপ্রাপ্ত নতুন দুই উপ-উপাচার্যকে তাদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2012, 01:11 PM

Updated : 24 Aug 2022, 11:31 AM

ঢাকা বিশ্ববিদ্যালয়, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়োগপ্রাপ্ত নতুন দুই উপ-উপাচার্যকে তাদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক নাসরীন আহমাদকে একাডেমিক (শিক্ষা) এবং মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক সহিদ আকতার হুসাইনকে প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়েছে। সিন্ডিকেট সদস্য অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাতে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় নতুন দুই উপ-উপাচার্যকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশের সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয়ে এবারই প্রথম দুজন উপ-উপাচার্য একসঙ্গে দায়িত্ব পালন করছেন। নাসরিন ও সহিদ দুজনই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত নীল দলের সঙ্গে যুক্ত। গত ৫ জুন অধ্যাপক হারুন-অর রশিদের পদত্যাগের পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নাসরিন ও সহিদকে উপ-উপাচার্য পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি। একইদিন ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক মো. কামাল উদ্দীনকে কোষাধ্যক্ষ পদে দায়িত্ব দেওয়া হয়। এছাড়া সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের মাঝামাঝি নির্মিতব্য নতুন হলের নামকরণ করা হয়েছে বলে জানান অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম। তিনি বলেন, “সিন্ডিকেটে নতুন এ হলের নাম ‘বিজয় একাত্তর’ পাস হলেও চুড়ান্ত হতে সিনেটের অনুমোদন লাগবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৭০৫ ঘ.