২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণে রূপরেখা কমিটি

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী রেজিস্টার্ড বেসরকারি ও কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের জন্য একটি রূপরেখা করতে সাত সদস্যের কমিটি করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2012, 05:44 AM

Updated : 24 Aug 2022, 11:29 AM

ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেজিস্টার্ড বেসরকারি ও কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণের জন্য একটি রূপরেখা করতে সাত সদস্যের একটি কমিটি করেছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবুল কালাম আজাদকে সভাপতি করে গঠিত এই কমিটিকে আগামী ১৪ জুনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি এই প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, কমিটি রেজিস্টার্ড বেসরকারি ও কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন, পরিচালনা ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রচলিত বিধি-বিধান/নীতিমালা ও অনুরূপ ক্ষেত্রে অনুসৃত রীতি, পদ্ধতি পর্যালোচনা করে এসব বিদ্যালয় জাতীয়করণের জন্য একটি পূর্ণাঙ্গ রূপরেখা প্রণয়ন করবে। এছাড়া নতুন করে রেজিস্টার্ড বেসরকারি ও কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের বিধি-বিধান সংশধোনের বিষয়েও সুপারিশ করবে কমিটি। এই কমিটিকে বর্তমানে এমপিওভুক্ত রেজিস্টার্ড বেসরকারি ও কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা এবং এসব প্রতিষ্ঠানের শিক্ষক সংখ্যাও জানাতে বলা হয়েছে প্রজ্ঞাপনে। কমিটির সদস্যরা হলেন- প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটের মহাপরিচালক মুহাম্মদ আব্দুল হালিম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) মো. ফারুক জলীল, ঢাকা বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপ-পরিচালক কাওসার সাবিনা এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটের সহকারী পরিচালক মো. আব্দুল হালিম ভূঁইয়া। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আবুল কালামকে এই কমিটির সদস্য সচিব করা হয়েছে। প্রায় দুই যুগ আন্দোলন চলার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ মে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জাতীয়করণের নীতিগত সিদ্ধান্ত জানান। আগামী জুলাই মাসের যে কোনো দিন ঢাকায় শিক্ষক মহাসমাবেশ থেকে প্রধানমন্ত্রী শিক্ষকদের জাতীয়করণের ঘোষণা দিতে পারেন বলে জানা গেছে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিক্ষকদের জাতীয়করণের এই পুরো প্রক্রিয়া তিন বছরের মধ্যে বাস্তবায়ন করা হবে। “আগামী ১ জুলাই থেকেই সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ শুরু হবে। এ জন্য প্রতিবছর সরকারের অতিরিক্ত ব্যয় হবে ৪৮২ কোটি ২৭ লাখ ২৯ হাজার ২৩২ টাকা।” প্রতিমন্ত্রী জানান, দেশে বর্তমানে ২২ হাজার ৯৬১টি বেসরকারি রেজিস্ট্রার্ড প্রাথমিক এবং ৬৫৩টি কমিউনিটি বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে মোট এক লাখ ৮৮৩ জন শিক্ষক আছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/১১৩২ ঘ.