২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেশনজট নিরসনে শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি

সেশনজট নিরসনসহ পাঁচ দফা দাবিতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে স্মারকলিপি দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2012, 10:31 AM

Updated : 24 Aug 2022, 11:29 AM

ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেশনজট নিরসনসহ পাঁচ দফা দাবিতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে স্মারকলিপি দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। মঙ্গলবার বেলা ১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে থেকে তিন সদস্যের প্রতিনিধি দল পুলিশের সহায়তায় সচিবালয়ে এসে মন্ত্রীকে স্মারকলিপি দেন। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে মন্ত্রী শিক্ষার্থীদের আশ্বাস দিয়েছেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। শিক্ষার্থীরা সাংবাদিকদের বলেন, মন্ত্রীর আশ্বাসে আন্দোলনের নতুন কর্মসূচি দেওয়ার বিষয়ে কিছু দিন অপেক্ষা করবেন তারা। সেশনজনসহ বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে গত কয়েক দিন ধরে বিক্ষোভ-সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের অন্য দাাবিগুলো হলো- একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ ও এর বাস্তবায়ন, প্রতি শিক্ষাবর্ষের শুরুতেই চার বছরের সম্পূর্ণ সিলেবাস প্রদান, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে মৌখিক পরীক্ষা শেষ করা ও তিন মাসের মধ্যে ফল প্রকাশ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়কে বিকেন্দ্রীকরণের সিদ্ধান্ত বাস্তায়ন। জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পক্ষে ঢাকা কলেজের শিক্ষার্থী খন্দকার রায়হান ও রাসেল ভূইয়া এবং তিতুমীর কলেজের শিক্ষার্থী রুবেল হোসেন মন্ত্রীকে স্মারকলিপি দেন। এসময় শিক্ষসচিব কামাল আবদুল নাসের চৌধুরী এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর নোমান উর রশীদ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/১৬৩২ ঘ.