২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ববিদ্যালয়ে পর্যটন বিভাগ চায় আটাব

দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে আকাশ পরিবহন, সেবা ও পর্যটন বিভাগ খুলতে সরকারের প্রতি আহবান জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্সিজ (আটাব)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2012, 03:31 PM

Updated : 24 Aug 2022, 11:28 AM

ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে আকাশ পরিবহন, সেবা ও পর্যটন বিভাগ খুলতে সরকারের প্রতি আহবান জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্সিজ (আটাব)। শনিবার আটাবের পর্যটন প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশিক্ষণার্থীদের মাঝে কোর্স সমাপনী সনদ বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন আটাব সভাপতি মোহাইমেন সালেহ। রাজধানীর পূর্বাণী হোটেলে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইনস্টিটিউটের ১২টি ব্যাচের প্রশিক্ষণার্থীদের মাঝে বিতরণ করা হয় সনদ। মোহাইমেন সালেহ বলেন, আকাশ পরিবহন, সেবা ও পর্যটন খাতে দেশে চাহিদার অর্ধেকও প্রশিক্ষিত জনবল নেই। এসব জনবল তৈরির জন্য দেশে পর্যাপ্ত প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলা প্রয়োজন। বেসরকারি ইনস্টিটিউটের কোর্স ও ডিপ্লোমা আন্তর্জাতিক স্বীকৃতি দিতে এগুলোর নিবন্ধন প্রয়োজন বলেও জানান তিনি। প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খান পর্যটন বিষয়ক বিশ্ববিদ্যালয় ও পর্যটন প্রশিক্ষণ ইনস্টিটিউট করার ঘোষণা দেন। এ ছাড়া সাতটি বিভাগীয় শহরে পর্যটন প্রশিক্ষণ ইনস্টিটিউট করার কথাও জানান তিনি। মোহাইমেন সালেহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান হেমায়েতউদ্দিন তালুকদার, পর্যটন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আক্তারুজ্জামান কবির, আটাবের মহাসচিব শেখ আব্দুল্লাহ ও ইনস্টিটিউটের অধ্যক্ষ নাজমুল হাসান বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/২১৩৩ ঘ.