২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পলিটেকনিকে বিক্ষোভের ঘটনায় তদন্ত কমিটি

দেশের বিভিন্ন স্থানে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ-ভাঙচুরের ঘটনায় একটি তদন্ত কমিটি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2012, 03:47 PM

Updated : 24 Aug 2022, 11:25 AM

ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বিভিন্ন স্থানে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ-ভাঙচুরের ঘটনায় একটি তদন্ত কমিটি করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আতোয়ার রহমানকে আহ্বায়ক করে শুক্রবার এ কমিটি গঠন করা হয়। কারিগরি অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজাহান মিঞা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (কারিকুলাম) মো আব্দুর রেজ্জাককে কমিটির সদস্য করা হয়েছে বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে ঘটনার কারণ অনুসন্ধান করে এ সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন দিতে বলা হয়েছে। ডিপ্লোমা প্রকৌশলীদের পদমর্যাদা দ্বিতীয় থেকে তৃতীয় শ্রেণিতে অবনমন করা হয়েছে দাবি করে বৃহস্পতিবার দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। কয়েকটি প্রতিষ্ঠানে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট ২৮ মে পর্যন্ত বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এ ঘটনার পর বৃহস্পতিবার রাতেই শিক্ষা মন্ত্রণালয় জানায়, ডিপ্লোমা প্রকৌশলীদের পদমর্যাদা পরিবর্তনের কোনো পরিকল্পনা সরকারের নেই। একটি ভুল তথ্যের ভিত্তিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন স্থানে ছাত্ররা সড়ক অবরোধ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এইচএ/২১৪৩ ঘ.