২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিতর্কিত’ শিক্ষক সহকারী প্রক্টর রাবিতে

‘বিতর্কিত’ শিক্ষককে সহকারী প্রক্টর নিয়োগ দেওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2012, 04:04 PM

Updated : 24 Aug 2022, 11:24 AM

রাজশাহী, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘বিতর্কিত’ শিক্ষককে সহকারী প্রক্টর নিয়োগ দেওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সোমবার তিন শিক্ষককে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেয়। এরা হলেন- অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক কাজী জুলফিকার আলী, ভাষাবিজ্ঞান বিভাগের প্রভাষক মোকাররম হোসেন মণ্ডল এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক এ বি এম সাইফুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী জানান, শিক্ষক সাইফুল ইসলামের বিরুদ্ধে ২০১০ সালের অগাস্ট মাসে একই বিভাগের এক ছাত্রী ‘বিয়ের প্রলোভনে’ প্রতারণার অভিযোগ আনেন। বিষয়টি বর্তমান প্রক্টর চৌধুরী মো. জাকারিয়াকে জানানো হলেও তিনি উল্টো ওই ছাত্রীকে ভর্ৎসনা করেন। বিষয়টি নিয়ে ওই সময় পত্র-পত্রিকায় লেখালেখিও হয়। রাবি শিক্ষক ও বাংলাদেশ মহিলা পরিষদ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক তানজীমা ইয়াসমিন বলেন, যে শিক্ষকের কাছে তার নিজ বিভাগের ছাত্রী নিরাপদ নয়, তার কাছে গোটা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কীভাবে নিশ্চিত হবে? রাজনৈতিক কারণেই তাকে ওই পদে বসানো হয়েছে। তিনি বলেন, ওই শিক্ষককে অবিলম্বে সদ্যনিযুক্ত পদ থেকে অপসারণ করা না হলে আন্দোলনের ডাক দেওয়া হবে। ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শিপন আহমেদ বলেন, বিষয়টি নিন্দনীয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের জন্য বাম ছাত্র সংগঠনগুলো বৈঠক করেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চৌধুরী মো. জাকারিয়া বলেন, সাইফুল ইসলামের বিরুদ্ধে কোনো অভিযোগের কথা তার জানা নেই। ফলে এ বিষয়ে তার কোনো মন্তব্যও নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২২০০ ঘ.