জগন্নাথ বিশ্ববিদ্যালয়, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চেয়ারম্যানের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দাবি পূরণে ক্যাম্পাসে সমাবেশ করে।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিভাগীয় প্রধান (চেয়ারম্যান) শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকসুলভ আচরণ করেন না। তিনি পরীক্ষায় কম নম্বর দেওয়ার হুমকি দেন এবং শিক্ষার্থীদের শারীরিক নির্যাতন করেন।
এর আগে রোব ও সোমবারও ক্লাস ও পরীক্ষা বর্জন করেন এ বিভাগের শিক্ষার্থীরা। উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় শিক্ষকরা বৈঠক করেও কোনো সমাধানে পৌঁছাতে পারেনি।
মঙ্গলবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রতিনিধি দল আলোচনায় বসলেও কোনো ‘সমাধান’ না পেয়ে উপাচার্যের সঙ্গে দেখা করতে যান আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধিরা।
এ সময় সেখানে উপস্থিত সাংবাদিকদের সামনে উপাচার্য ড. মেজবাহ উদ্দিন আহমেদ শিক্ষার্থী প্রতিনিধিদের উদ্দেশে বলেন, “তোমাদের এ দাবি মেনে নেওয়া হবে না। প্রয়োজনে রসায়ন বিভাগ বন্ধ করে দেওয়া হবে।”
এর পরপরই উপাচার্য দপ্তর থেকে বের হয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন। এ সময় অনির্দিষ্টকালের জন্য সব ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেওয়া হয়।
শিক্ষার্থীদের উত্থাপিত প্রধান দাবি হচ্ছে রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. মোহম্মদ শাহজাহানের পদত্যাগ।
অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে- রসায়ন বিভাগের পরীক্ষাগারে প্রদর্শক নিয়োগ, পিয়ন দিয়ে ল্যাব অ্যাটেনডেন্সের কাজ চালানো বন্ধ করা এবং ল্যাবের সুযোগ সুবিধা বৃদ্ধি করা, অবিলম্বে বিভাগের প্রথম ব্যাচের সম্মান সমাপনী পরীক্ষার ফল প্রকাশ করা, প্রথম ব্যাচের চতুর্থ সেমিস্টারের মানোন্নয়নের ফলাফল পূর্ণাঙ্গ ফলাফলের সঙ্গে সংযোজিত করা, অনতিবিলম্বে শিক্ষক নিয়োগ করা, বিভাগে প্রত্যয়নপত্রের জন্য আবেদন করলে তা সরবরাহ করা ইত্যাদি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এএল/১৭২১ ঘ.
bdnews24