২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডুয়েটে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন চলছে

ক্যাম্পাসের জমি বাড়ানোর দাবিতে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষার্থীরা সোমবারও ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2012, 01:52 PM

Updated : 24 Aug 2022, 11:24 AM

গাজীপুর, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্যাম্পাসের জমি বাড়ানোর দাবিতে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষার্থীরা সোমবারও ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন। ডুয়েট ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালনকালে ক্যাম্পাসে তারা বিক্ষোভ, অবস্থান ধর্মঘট, মিছিল এবং সমাবেশও করেন। এ আন্দোলনে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, কর্মকর্তা ও কর্মচারীরা একাত্মতা ঘোষণা করেন। রোববার থেকে শিক্ষার্থীরা এ আন্দোলন শুরু করেন। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে একাডেমিক কার্যক্রম নিয়ে আলোচনার জন্য শিক্ষকদের নিয়ে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান উপাচার্য অধ্যাপক সবদর আলী। উপাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্যাম্পাসে প্রয়োজনের তুলনায় জমির পরিমাণ একেবারেই কম। বিশ্ববিদ্যালয়ে মাত্র ২০ একরের মতো জমি রয়েছে। এতে শিক্ষার্থীদের আবাসিক হল, শ্রেণিকক্ষ ও স্থায়ী মেডিকেল সেন্টারসহ প্রয়োজনীয় স্থাপনা নির্মাণ করা যাচ্ছে না। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের জন্য জমি বরাদ্দ পেতে শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন জানানো হলে তার পরিপ্রেক্ষিতে দুই মাস আগে মন্ত্রাণালয় থেকে একটি কমিটি গঠন করে দেওয়া হয়। এ কমিটি পরিদর্শন ও সম্ভাব্যতা যাচাই শেষে ৩০ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন জমা দিয়েছে। ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক আব্দুল্লাহ আল মাসুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খুব কম জায়গায় এখানে রয়েছে পাঁচটি হল ও একমাত্র একাডেমিক ভবন, যেখানে প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের ক্লাসও করতে হয়। শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের আবাসনের পর্যাপ্ত ব্যবস্থা নয় বলে ক্যাম্পাসের বাইরে বাড়িভাড়া নিয়ে বসবাস করছেন তারা। পর্যাপ্ত জমি না থাকায় আলাদা কোনো প্রশাসনিক ভবন গড়ে তোলা সম্ভব হয়নি। এছাড়া আবাসিক সংকট নিরসনের জন্য একমাত্র খেলার মাঠে নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। “জমি অধিগ্রহণ না হওয়া পর্যন্ত ক্লাশ-পরীক্ষা বর্জনসহ সকল একাডেমিক কার্যক্রমে অংশ না নিয়ে এই আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে,” বলেন তিনি। ডুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক গনেশ চন্দ্র সাহা সাংবাদিকদের বলেন, স্থানের অপ্রতুলতার কারণে বিশ্ববিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য হলে সিট বরাদ্দ দেওয়া সম্ভব হয় না। অনেক শিক্ষক ক্যাম্পাসের বাইরে ভাড়া বাসায় থাকেন। ডুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সিরাজুল হক মোল্লা শিক্ষার্থীদের দাবি সমর্থন করে বলেন, “আমরা নিয়মতান্ত্রিকভাবে ডুয়েটের জন্য জমি চাই।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/১৯৪৭ ঘ.