ঢাবি, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডাকসু নির্বাচন না হওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায়ী করেছেন শিক্ষক নেতা অধ্যাপক আনোয়ার হোসেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মঙ্গলবার একটি ছাত্র সংগঠন আয়োজিত গোলটেবিলে বলেছেন, ডাকসু নির্বাচন না হওয়ার জন্য সরকার কিংবা ছাত্র সংগঠনগুলোর কোনো দায় নেই।
বাংলাদেশ ছাত্রমৈত্রী আয়োজিত ওই গোলটেবিলে অধ্যাপক আনোয়ারের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক দুই সহসভাপতি ও ছাত্র সংগঠনগুলোর নেতারা ডাকসু নির্বাচনের দাবি জানান।
১৯৯০ সালের পর ডাকসু নির্বাচন আর হয়নি। এই নির্বাচনের দাবিতে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ে আন্দোলন গড়ে উঠেছে। নির্বাচনের দাবিতে আদালতেও গেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার হোসেন বলেন, “সরকার বা ছাত্র সংগঠনের জন্য নয়, বরং বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্যই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না।”
ডাকসু নির্বাচন না হওয়ায় বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে শিক্ষার্থীদের মত প্রকাশের সুযোগ থাকছে না, এতে শিক্ষার্থীদের অধিকার লঙ্ঘিত হচ্ছে বলে শিক্ষক নেতা মন্তব্য করেন।
ডাকসু নির্বাচনের দাবিতে ছাত্র সংগঠনগুলোকে কার্যকর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।
ডাকসুর প্রথম নির্বাচিত ভিপি মুজাহিদুল ইসলাম সেলিম এই নির্বাচনের গুরুত্ব তুলে ধরে বলেন, “সত্যিকারভাবে একটি জাতিকে গণতান্ত্রিকভাবে গড়ে তোলার জন্য ছাত্র সংসদ নির্বাচন দরকার।”
ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন শিক্ষাঙ্গনে পেশীশক্তির প্রভাব খর্ব করবে বলে মনে করেন সিপিবি সাধারণ সম্পাদক সেলিম।
ডাকসুর সাবেক ভিপি রাশেদ খান মেনন বলেন, “ডাকসু নির্বাচনের আইনগত ও বৈধ দাবিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বা সরকারে অগ্রাহ্য করাটা হবে চরম দুঃখজনক।”
ক্ষমতাসীন মহাজোট শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন আশা প্রকাশ করেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে সর্বস্তরে গণতন্ত্রে অঙ্গীকার থাকায় তারা শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায়ও প্রশাসনকে তাগিদ দেবে।
“আশির দশকে অস্থিতিশীল পরিবেশে যদি ডাকসু নির্বাচন হতে পারে, তবে এখনো হতে পারে,” সংঘাতের আশঙ্কায় নির্বাচন না করার পক্ষে যুক্তির বিরোধিতা করেন তিনি।
ডাকসু ভবনে ‘অচল ডাকসু সচল কর’ শীর্ষক এই আলোচনা সভায় ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, ছাত্র ইউনিয়নের সভাপতি ফেরদৌস আহমেদ উজ্জ্বল, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারী সমিতির নেতারাও ডাকসু নির্বাচনের পক্ষে সংগঠনের অবস্থান তুলে ধরেন।
ডাকসু দাবিতে আন্দোলনত নির্দলীয় শিক্ষার্থীদের ফোরাম ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অধিকার মঞ্চ’র মুখপাত্র নুরে আলম দুর্জয়ও গোলটেবিলে ছিলেন।
ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসুর সভাপতিত্বে বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাধারণ সম্পাদক তানভীর রুসমত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭২১ ঘ.
bdnews24