ঢাকা, ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইন অনুযায়ী উপাচার্য প্যানেলের নির্বাচন চেয়ে হাই কোর্টে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সরকার সমর্থক শিক্ষক অহিদুজ্জামান চান।
রোববার সকালে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে প্যানেল গঠনে নিষ্ক্রিয়তার বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে।
রিট আবেদনটি বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চে উপস্থাপন করলে আদালত শুনানি করতে অপারগতা জানায়।
এরপর বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চে আবেদনটি উপস্থাপন করেন অহিদুজ্জামান।
আবেদনকারীর আইনজীবী মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, “আগামীকাল এর শুনানি হতে পারে।”
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক অহিদুজ্জামান রিট আবেদনে নিজের এই পরিচয় ব্যবহার করেননি। নিজেকে ‘সিনেট সদস্য’ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক হিসাবে দেখিয়েছেন তিনি।
এই আবেদনে বিবাদি করা হয়েছে শিক্ষা সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে। এতে দুটি রুল চাওয়া হলেও অন্তর্বর্তীকালীন কোনো আদেশ চাওয়া হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৯০৫ ঘ.
bdnews24