সিলেট, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট শিক্ষাবোর্ডের অধীনে শুক্রবার অনুষ্ঠিত বাণিজ্য বিভাগের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে এইচএসসি পরীক্ষার্থীরা।
রোববার দুপুরে ওই কর্মসূচির আগে সিলেট সরকারি কলেজ, মদন মোহন কলেজ, সিলেট কমার্স কলেজ ও স্কলার্স হোমসহ কয়েকটি কলেজের বাণিজ্য বিভাগের শতাধিক শিক্ষার্থী নগরীর টিলাগড় এলাকায় সড়ক অবরোধেরও চেষ্টা করে।
পরে তারা মিছিল নিয়ে নগরীর বন্দর বাজার, জিন্দাবাজার এলাকা প্রদক্ষিণ করে চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেয়।
শিক্ষার্থীরা জানান, সিলেট শিক্ষাবোর্ডের অধীনে শুক্রবার হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষায় সিলেট নগরীর অনেক কেন্দ্র ‘ক’ সেটে পরীক্ষা অনুষ্ঠিত হয়। আবার একই বোর্ডের অধীনে অনেক স্থানে ‘খ’ সেটে পরীক্ষা নেওয়া হয়েছে।
একই পরীক্ষা ভিন্ন সেটে অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীরা ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে তারা অভিযোগ করেন।
এ ব্যাপারে সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর তোফাজ্জল হাসেন বলেন, “এটি অবশ্যই ভুল। কিন্তু শিক্ষার্থীদের কোন ধরনের ক্ষতির আশঙ্কা নেই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৫৩২ ঘ.
bdnews24