ঢাকা বিশ্ববিদ্যালয়, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিশেষ সমাবর্তনে সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ ডিগ্রি পাচ্ছেন ইউনেস্কোর প্রথম নারী মহাপরিচালক ইরিনা জর্জিভা বোকোভা।
বুধবার এই বিশেষ সমাবর্তন অনুষ্ঠিত হবে।
এদিন বিকেল ৫টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ইরিনা জর্জিভার হাতে আনুষ্ঠানিকভাবে ডিগ্রি তুলে দেবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।
শিক্ষা ও বিজ্ঞানসহ বিভিন্নখাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ইউনেস্কো মহাপরিচালককে এ ডিগ্রি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাবি উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
বুলগেরিয়ান রাজনীতিবিদ ইরিনা ১৫ অক্টোবর ২০০৯ সালে অনুষ্ঠিত ইউনেস্কোর ৩৫তম সাধারণ সভায় ইউনেস্কোর মহাপরিচালক হিসেবে নির্বাচিত হন।
এর আগে গত ১৫ নভেম্বর এক বিশেষ সমাবর্তনে জাতিসংঘ মহাসচিব বান কি মুনকেও সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ ডিগ্রি প্রদান করে ঢাকা বিশ্ববিদ্যালয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২১৩১ ঘ.
bdnews24