ঢাকা, মে ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক সমমান পরীক্ষায় সর্বোচ্চ ৮৭ দশমিক ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান দখল করেছে গাজীপুরের তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা।
এর পরেই ৮২ দশমিক ৫৩ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ঝালকাঠি সদরের ঝালকাঠী এন এস কামিল মাদ্রাসা।
সোমবার এসএসসি ও সমমানের পরীক্ষার ১০ বোর্ডের ফল একযোগে প্রকাশ করা হয়।
নিবন্ধিত শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর শতকরা হার, শতকরা পাসের হার, মোট পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ প্রাপ্তির হার, পরীক্ষার্থীর সংখ্যা ও প্রতিষ্ঠানের গড় জিপিএ- এই পাঁচটি সূচক মূল্যায়ন করে সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা করা হয়েছে।
বোর্ডে ৮২ দশমিক ১৬ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ঢাকার যাত্রাবাড়ী তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা।
এছাড়াও ৮১ দশমিক ২৫ পয়েন্ট পেয়ে চুতর্থ অবস্থানে রয়েছে উত্তরার তানজিমুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসা, ৮০ দশমিক ৮৩ পয়েন্ট পেয়ে পঞ্চম অবস্থানে রংপুর সদরের ধাপ সাতগাড়া বায়তুল মুর্কারাম কামিল মাদ্রাসা।
৮০ দশমিক ৭২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে ঢাকার ডেমরা দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা, ৮০ দশমিক ১৭ পয়েন্ট পেয়ে সপ্তম খুলনা কামিল মাদ্রাসা, ৭৯ দশমিক ৯৯ পয়েন্ট পেয়ে অষ্টম পাবনা ইসলামিয়া আলিম মাদ্রাসা, ৭৯ দশমিক ৫৫ পয়েন্ট পেয়ে নবম পিরোজপুরের নেসারাবাদ সারসিনা দারুসসুন্নাত কামিল মাদ্রাসা এবং ৭৯ দশমিক ৩০ পয়েন্ট পেয়ে দশম অবস্থানে রয়েছে নরসিংদীর জামিয়া-ই- কাশেমিয়া কামিল মাদ্রাসা।
এ বছর মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৮৮ দশমিক ৪৭ শতাংশ, যা গত বছরের তুলনায় ৫ দশমিক ২৪ শতাংশ বেশি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এএল/২১৪১ ঘ.
bdnews24