রাজশাহী, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের এক কর্মীকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্রলীগকর্মীরা।
আল-আমীন নামে ওই ছাত্র দুই বছর আগে শিবিরের হামলায় নিহত ছাত্রলীগকর্মী ফারুক হোসেন হত্যামামলার আসামি বলে দাবি করা হয়েছে।
তবে পুলিশ বিষয়টি নিশ্চিত করতে পারেনি। মতিহার থানার ওসি আনিছুর রহমান বলেছেন, তারা বিষয়টি খতিঢেয় দেখছেন।
প্রত্যক্ষদর্শীরা শিক্ষার্থীরা জানায়, সোমবার সকাল ১১টায় শহীদ শামসুজ্জোহা হল থেকে আটক করা হয় আরবি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আল আমীনকে।
২০১০ সালের ৯ ফেব্রুয়ারি শাহ মখদুম হলের ছাত্রলীগকর্মী ফারুককে হত্যা করা হয়। তার লাশ পাওয়া যায় নর্দমায়।
ছাত্রলীগকর্মীদের অভিযোগ, ফারুক হত্যার আগে ক্যাম্পাসে শিবিরের মহড়ায় আল আমীনকে দেখা গিয়েছিল।
ফারুকের মৃত্যুর পর তাকে আর ক্যাম্পাসে দেখা যায়নি। সোমবার হঠাৎ তাকে ক্যাম্পাসে দেখে আটক করে ছাত্রলীগকর্মীরা।
মতিহার থানার ওসি আনিছুর রহমান সাংবাদিকদের বলেন, “আটক ছাত্র আল আমীনের নামে কোনো মামলা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/
bdnews24