২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে পাসের হার ৮৮.৩৩ শতাংশ

এসএসসি ও সমমানের পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ড থেকে এ বছর ৮৮ দশমিক ৩৩ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, যা আগের বছরের চেয়ে ৮ দশমিক ০১ শতাংশ বেশি। জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৭২৬ শিক্ষার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2012, 11:37 AM

Updated : 24 Aug 2022, 11:18 AM

রাজশাহী, ০৭ মে (বিডিনিউজটোয়েন্টিফোর)- এসএসসি ও সমমানের পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ড থেকে এ বছর ৮৮ দশমিক ৩৩ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, যা আগের বছরের চেয়ে ৮ দশমিক ০১ শতাংশ বেশি। জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৭২৬ শিক্ষার্থী। সোমবার দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ডে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এসএমএ হুরাইরা। এ বছর রাজশাহী বোর্ড থেকে ১ লাখ ৩২ হাজার ৫৬৩ পরীক্ষার্থী অংশ নেয়, যাদের মধ্যে ৬৯ হাজার ২৭০ জন ছাত্র এবং ৬৩ হাজার ২৯৩ জন ছাত্রী। বোর্ডের অধীনে আট জেলায় ১৮০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফলাফলের বিচারে রাজশাহী শিক্ষা বোর্ডের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষস্থান দখল করেছে বগুড়া গভঃ গার্লস হাই স্কুল, দ্বিতীয় হয়েছে পাবনা ক্যাডেট কলেজ ও তৃতীয় রাজশাহী ক্যাডেট কলেজ। সেরা ১০ শিক্ষা প্রতিষ্ঠানের অন্যগুলো হলো- জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া জিলা স্কুল, রাজশাহী গভঃ কলেজিয়েট স্কুল, বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক হাই স্কুল, রাজশাহী গভঃ ল্যাবরেটরি হাই স্কুল ও নওগাঁ গভঃ কেজি হাই স্কুল। ফল প্রকাশের পর পরীক্ষা নিয়ন্ত্রক এসএমএ হুরাইরা বলেন, “শিক্ষার্থী, অভিভাবক, বোর্ড কর্তৃপক্ষের সচেতনতার কারণে এবার রাজশাহী শিক্ষা বোর্ডে ভালো ফল হয়েছে। আগামীবার আরো ভালো ফল হবে বলে আশা করছি।” মাধ্যমিকে এবার সবচেয়ে বেশি শিক্ষার্থী পাস করেছে সিলেট বোর্ডে, ৯১ দশমিক ৭৮ শতাংশ। এছাড়া ঢাকা বোর্ডে ৮৫.৯৫ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৭৮.৯৬ শতাংশ, কুমিল্লায় ৮৫.৬৪ শতাংশ, বরিশালে ৮৬.৯৬ শতাংশ, যশোরে ৮৭.১৬ শতাংশ ও দিনাজপুরে ৮৭.১৬ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে এসএসসিতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এএল/১৭৩৮ ঘ.