২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘কারণ পরিমল’

এসএসসি পরীক্ষার ফলে ঢাকা বোর্ডের সেরা স্কুলগুলোর তালিকায় দুই ধাপ পেছানোর জন্য শিক্ষক পরিমল জয়ধরের ছাত্রী ধর্ষণের ঘটনায় বেশ কিছুদিন ক্লাস বন্ধ থাকাকে দায়ী করলেন ভিকারুননিসা নূন স্কুলের অধ্যক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2012, 11:16 AM

Updated : 24 Aug 2022, 11:18 AM

ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর)- এসএসসি পরীক্ষার ফলে ঢাকা বোর্ডের সেরা স্কুলগুলোর তালিকায় দুই ধাপ পেছানোর জন্য শিক্ষক পরিমল জয়ধরের ছাত্রী ধর্ষণের ঘটনায় বেশ কিছুদিন ক্লাস বন্ধ থাকাকে দায়ী করলেন ভিকারুননিসা নূন স্কুলের অধ্যক্ষ। ঢাকা বোর্ডের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তালিকায় এবার চতুর্থ স্থান অধিকার করেছে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল। গত বছর দ্বিতীয় স্থানে ছিল স্কুলটি। সোমবার এসএসসির ফল বের হওয়ার পর প্রতিক্রিয়ায় ভিকারুননিসা নূন স্কুলের অধ্যক্ষ মঞ্জু আরা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষক পরিমলের বিরুদ্ধে ছাত্রী নিপীড়নের অভিযোগের কারণে বেশ কিছুদিন ক্লাসও বন্ধ থাকায় ফলাফলে কিছুটা অবনতি হয়েছে। এছাড়া মানবিক বিভাগ থেকে একজন ও বাণিজ্য বিভাগ থেকে তিনজন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।” তিনি বলেন, এবার ভিকারুননিসা নূন স্কুল থেকে এক হাজার ২৮৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে এক হাজার ১০ জন। এ বছর বিজ্ঞান বিভাগের ৮৫৫ জন ছাত্রীর মধ্যে ৮১৯ জন জিপিএ -৫ পেয়েছে। এছাড়া মানবিক বিভাগের ৮৩ জনের মধ্যে ১৫ জন ও বাণিজ্যের ৩৪২ জনের মধ্যে ১৭৬ জন জিপিএ ৫ পেয়েছে। গত বছর ভিকারুননিসা নূন স্কুল থেকে এক হাজার ২২৭ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। উত্তীর্ণ হয় ১ হাজার ২২৫ জন। বিজ্ঞান ও মানবিক শাখা থেকে দুইজন ছাত্রী অনুত্তীর্ণ হয়। আর জিপিএ-৫ পায় ১ হাজার ৫০ জন ছাত্রী। মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়া তাসফিয়া আফরোজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফলাফলে আমি অনেক খুশি। এ ফলাফল অর্জনে আমার চেয়ে আমার মা অনেক বেশি কষ্ট করেছে। ভবিষ্যতে আইন বিষয়ে পড়তে চাই।” এই ফলাফলে অনেক খুশি বলে জানান বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়া সাবরিনা। ভিকারুননিসার দশম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গত বছর ৫ জুলাই স্কুলের বসুন্ধরা শাখার শিক্ষক পরিমল জয়ধরের বিরুদ্ধে মামলা করেন ওই ছাত্রীর বাবা। এ ঘটনায় সারা দেশে আলোচনার ঝড় ওঠে এবং শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ৭ জুলাই পরিমলকে গ্রেপ্তার করে পুলিশ। পরিমলকে রক্ষার চেষ্টা করেছেন- এই অভিযোগ ওঠায় ছাত্রীদের বিক্ষোভের মুখে অধ্যক্ষের পদ থেকে সরে যেতে হয় হোসনে আরাকে। আর বরখাস্ত করা হয় বসুন্ধরা শাখার প্রধান লুৎফর রহমানকে। পরিমল বর্তমানে কারাগারে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এসইউ/১৭১১ ঘ.