২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসসির ফল সোমবার

দেশের ১০টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল সোমবার প্রকাশ করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2012, 07:11 AM

Updated : 24 Aug 2022, 11:18 AM

ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দেশের ১০টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল সোমবার প্রকাশ করা হবে। সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পরীক্ষার ফলের কপি দেবেন। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল জিলা স্কুল, বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও বরিশাল কারিগরি স্কুল অ্যান্ড কলেজের ফল ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানকে জানানোর মাধ্যমে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন। পরে দুপুর ১টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলন করে ফল ঘোষণা করে বিভিন্ন দিক তুলে ধরবেন। দুপুর আড়াইটা থেকে পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট অথবা কেন্দ্র থেকে এবং এসএমএস পাঠিয়ে ফল জানতে পারবেন। এ বছর আটটি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে ১৪ লাখ ২০ হাজার ৫৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। সারাদেশের দুই হাজার ৪৬৪টি কেন্দ্রে এবার এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অংশগ্রহণকারী মোট শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ২৬ হাজার ৮৫৫টি। আটটি সাধারণ শিক্ষাবোর্ডে ১০ লাখ ৫২ হাজার ৯৬৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ২ লাখ ৭৫ হাজার ৯৩০ শিক্ষার্থী এবং কারিগরি বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ৯১ হাজার ১৫৮ জন শিক্ষার্থী অংশ নিয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এবার বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র এবং গণিত ছাড়া সব বিষয়ে সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে পরীক্ষা হয়েছে। গত ১ ফেব্র“য়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে গত ১৫ মার্চ তা শেষ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসইউ/১৩০৩ ঘ.