ঢাকা বিশ্ববিদ্যালয়, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদসহ (ডাকসু) সব হল সংসদ নির্বাচনের দাবিতে প্রতিবাদী পথ চিত্রাঙ্কন ও গান পরিবেশন করেছে শিক্ষার্থীরা।
ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সমন্বয়ে গড়ে ওঠা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অধিকার মঞ্চ উদ্যোগে বুধবার এ কর্মসূচি পালিত হয়।
চারুকলা অনুষদের শিক্ষার্থীরা অপরাজেয় বাংলার সামনে প্রতিবাদী পথ চিত্রাঙ্কন করেন। বটতলায় গান পরিবেশন করেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গড়ে উঠা ব্যান্ড দল ‘সাধু’ ও ‘অন্যস্বর’। তাদের সঙ্গে সংহতি জানিয়ে গান করেন ব্যান্ড দল ‘চিৎকার’, লীলা ও চারণ সাংস্কৃতিক কেন্দ্র।
শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের শিক্ষার্থী কামরুস সালাম সংসদ বলেন, “নিয়মতান্ত্রিকভাবে ডাকসু নির্বাচন না দিলে কঠোর আন্দোলন কর্মসূচি পালন করা হবে।”
ডাকসু নির্বাচনের দাবিতে হাইকোর্টে রিটকারী শিক্ষার্থীদের একজন রেজা প্রধান বলেন, “বিশ্ববিদ্যালয় আমাদের ন্যায্য অধিকার দিচ্ছে না। ডাকসু নির্বাচনের জন্য আমরা ২৫ শিক্ষার্থী হাইকোর্টের দ্বারস্থ হয়েছি। আমরা আদালতের দিকে তাকিয়ে আছি।”
ডাকসু নির্বাচনের দাবিতে গত ২২ মার্চ হাই কোর্টে রিট আবেদন করেন ২৫ শিক্ষার্থী। আবেদনের প্রেক্ষিতে ৮ এপ্রিল আদালত রুল জারি করে।
রুলে নির্দিষ্ট সময়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠানে পদক্ষেপ গ্রহণে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না এবং অবিলম্বে নির্বাচন অনুষ্ঠানে পদক্ষেপ গ্রহণের নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চায় আদালত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এএল/২০৫৬ ঘ.
bdnews24