২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি উপাচার্য কার্যালয়ের সামনে অবরোধ

উপাচার্যের পদত্যাগ দাবিতে তার কার্যালয়ের সামনে অবরোধ কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2012, 02:08 PM

Updated : 24 Aug 2022, 11:09 AM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপাচার্যের পদত্যাগ দাবিতে তার কার্যালয়ের সামনে অবরোধ কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বুধবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত উপাচার্যের কক্ষ এক ঘণ্টা অবরোধ করে রাখেন ‘শিক্ষক সমাজ’ ব্যানারে আন্দোলনরত শিক্ষকরা। কর্মসূচির প্রথম দিন মঙ্গলবার সকালে ১০মিনিটের জন্য এলেও দ্বিতীয় দিন বুধবার কার্যালয়ে আসেননি উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির। এর আগে সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির বৈঠক উপাচার্যের বাসভবনে অনুষ্ঠিত হয়। এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রক্টর সুকল্যাণ কুমার কুণ্ড বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে উপাচার্যের বাসভবনে বৈঠক হয়েছে। সাম্প্রতিক সময়ে সংঘটিত বিভিন্ন ঘটনা নিয়ে এতে আলোচনা হয়েছে। শিক্ষক সমিতির নির্বাচন সামনে রেখে ৩২ জনকে দলীয় বিবেচনায় নিয়োগ দিলে শিক্ষক সমাজের ব্যানারে আন্দোলন শুরু করেন বিভিন্ন দল ও মতের শিক্ষকরা। এর পরই ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়ের নিহত হন। এরপর ওই হত্যার বিচার, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখাসহ আট দফা দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন শিক্ষকরা। অবরোধ কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এএ মামুন ও সম্পাদক শরীফ উদ্দিন অধ্যাপক মোজাম্মেল হক, অধ্যাপক আতিকুর রহমান, অধ্যাপক এনামুল্যাহ পারভেজ, অধ্যাপক শরীফুল হুদা, অধ্যাপক এনামুল হক খান, অধ্যাপক শামসুল আলম, অধ্যাপক রশীদ হারুন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২০০২ ঘ.