মামুনুর রশীদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৩৩তম বিসিএসে নির্ধারিত সময়ে আবেদনপত্র জমা দিয়েও টেলিটকের মাধ্যমে টাকা জমা দিতে ব্যর্থ হওয়ারা আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তারা বলেছে, টেলিটকে কারিগরি ত্রুটির জন্য তারা নির্ধারিত সময়ে টাকা জমা দিতে পারেননি।
এর দায় টেলিটকের দাবি করে আবেদনপত্র পূরণের পরও টাকা জমা দিতে ব্যর্থ হওয়াদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতেও সংবাদ সম্মেলনে দাবি জানানো হয়।
৩৩তম বিবিএসে অনলাইনে আবেদনপত্র পূরণের পর টেলিটকের মাধ্যমে আবেদন ফি গ্রহণ করেছিল সরকারি কর্মকমিশন (পিএসসি)। তবে শেষ মুহূর্তে টেলিটকের সার্ভারে চাপ পড়ায় অনেকের আবেদন ফি জমা হয়নি।
বিষয়টি জানার পরও পিএসসি বলেছে, ফি জমা দিতে ব্যর্থ হওয়া পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন না। কারণ আগেই সতর্ক করা হয়েছিল, শেষ সময়ে সবাই টাকা জমা দিতে চাইলে সার্ভারে চাপ পড়তে পারে।
সরকারি মোবাইল অপারেটিং কোম্পানি টেলিটক জানিয়েছে, শেষ মুহূর্তে তাদের সার্ভারে চাপ পড়ায় সাড়ে ১৩ হাজার আবেদনকারীর টাকা জমা হয়নি।
সংবাদ সম্মেলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আরিফুর রহমান বলেন, “আমরা অনেকেই নির্ধারিত সময়ের দুই-তিন দিন কিংবা তারও আগে আবেদনপত্র জমা দেওয়ার কাজটি শেষ করেছি। এরপর টেলিটকে ইউজার আইডি দিয়ে পিন কোড পাওয়ার পরও আমরা টাকা জমা দিতে পারিনি।”
“এমনকি ২৪ ঘণ্টা, ৯ ঘণ্টা, ৬ ঘণ্টা আগে টাকা জমা দেওয়ার এসএমএসের ডেলিভারি রিপোর্ট আসার পরে টাকা কেটে নিলেও অনেকে পাসওয়ার্ড পায়নি,” অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এই বিষয়ে হাই কোর্টে রিট আবেদনের পাশাপাশি বিক্ষোভ মিছিল, মানববন্ধন এবং পিএসসি ঘেরাওয়ের মতো কর্মসূচিও দেওয়া হতে পারে।
সরকারি চাকরিতে নিয়োগের পরীক্ষা বিসিএসে অনলাইনে আবেদন এবারই প্রথম অনলাইনে নেওয়া হল। পিএসসির ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণের পর টেলিটকে এসএমএস পাঠিয়ে ৫০০ টাকা জমা দিতে হয়। গত ৮ মার্চ সকাল ১০ টা থেকে আবেদনপত্র জমা শুরু হয়ে ৭ এপ্রিল রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত চলে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী একরামুল হক শামীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি অনলাইনে অবেদন করার প্রক্রিয়া সম্পন্ন করি ৫ তারিখ রাতে। পরদিন দুপুরে টেলিটকে এসএমএস করলে আমাকে একটা পিন নম্বর দেওয়া হয়। কিন্তু এরপর থেকে ওই পিন নম্বর দিয়ে আর টাকা জমা দেওয়া সম্ভব হয়নি।”
টাকা জমা দিতে না পেরে ৭ এপ্রিল বনানীতে টেলিটক কার্যালয়ে যোগাযোগ করেন শামীম।
“আমাদের বলা হয়, যারা পিন নম্বর পেয়েছেন তারা অবশ্যই পাসওয়ার্ড পাবেন। কিন্তু দুপুর পর্যন্ত টাকা জমা দিতে না পেরে আমরা অনেকে পিএসসিতে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে কথা বলতে গেলে তিনিও আমাদের সঙ্গে দেখা করেননি,” অভিযোগ শামীমের।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক শিক্ষার্থী জহুরা আল মিতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার টাকা জমা নেয়ার ডেলিভারি রিপোর্ট পেয়েছি ৭ তারিখ দুপুর ১টায়। কিন্তু ফিরতি এসএমএসে প্রবেশপত্র সংগ্রহের জন্য শেষ পর্যন্ত আমরা পাসওয়ার্ড পাইনি।”
চিকিৎসকের চাকরি প্রত্যাশী ইসমাত আরা পারভীন বলেন, “আমাদের ৪০, ৫০ জন ডাক্তারেরও একই অবস্থা। এমনকি টাকা জমা দিতে না পেরে খোঁজ খবর নেওয়ার জন্য ৭ তারিখে টেলিটকের ইন্টারনেট সার্ভারেও ঢোকা যায়নি।”
আরিফুর বলেন, “নিজেদের দোষ না থাকা সত্ত্বেও আমরা এক বছর পিছিয়ে যাচ্ছি। আবার অনেকেরই এটা শেষ সুযোগ ছিল। আমরা পিএসসিতে লিখিত আবেদন করেছি। তারা এখনো কোনো উত্তর দেয়নি।”
সময় বাড়াতে বলেছিল টেলিটক
বিসিএস আবেদনের এই জটিলতার বিষয়ে যোগাযোগ করা হলে টেলিটকের মহাব্যবস্থাপক (বিপণন) হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রায় সাড়ে ১৩ হাজার আবেদনকারীর টাকা নির্ধারিত সময়ে জমা হয়নি।
“একসঙ্গে এত প্রার্থী আবেদন করবে, তা আমাদের ধারণার বাইরে ছিল। অনলাইনে আবেদন প্রক্রিয়াও বেশ সময়সাপেক্ষ। তাই একেকজন প্রক্রিয়া শেষ করার জন্য, একই সঙ্গে সংশোধনের জন্য বারবার আবেদন করায় শেষ পর্যন্ত ১৩ লাখ আবেদনপত্র জমা পড়ে,” বলেন তিনি।
শেষ দুই দিনে ৫০ হাজার আবেদনের চাপ পড়েছিল জানিয়ে হাবিবুর রহমান বলেন, “পাসওয়ার্ড দেওয়ার জন্য অনলাইনে সেই অবেদনকারীর সব তথ্য-উপাত্ত চেক করে নিতে হচ্ছিল। সার্ভারের আয়তন ছোট হওয়ায় ব্যাপক চাপ গোটা প্রক্রিয়াটি স্লো করে দেয়।”
এই সমস্যার কথা পিএসসিকে জানানো হয়েছিল কি না- জানতে চাইলে তিনি বলেন, “আমাদের সার্বক্ষণিক তৎপরতা জারি ছিল। আমরা তাদের বার বার বলেছি যে সময় না বাড়ালে হবে না। কিন্তু তারা আমাদেরকে বলেছেন আইনগত কারনেই সময় বাড়ানোর কোনো সুযোগ নেই।”
তবে পরবর্তীতে টাকা জমার নেওয়ার জন্য এক-দুই দিন বেশি সময় রাখবে বলে তারা জানিয়েছিল, বলেন টেলিটক কর্মকর্তা।
টাকা জমা দিয়ে পাসওয়ার্ড না পাওয়াদের জন্য কী ব্যবস্থা- জানতে চাইলে তিনি বলেন, “এরকম হওয়ার কথা নয়। তবে এমন কেউ যোগাযোগ করলে আমরা তার টাকা ফেরত দেব।”
সংবাদ সম্মেলনে আরিফুর রহমান বলেন, “যান্ত্রিক ত্রুটির কারণে আমরা কেন ভোগান্তির শিকার হব?”
অনড় পিএসসি
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিজ্ঞপ্তিতে আমরা বলেছি, অবশ্যই ৭ তারিখ রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যেই ফর্ম পূরণ এবং টাকা জমা দেওয়া- দুটোই শেষ করতে হবে।
“শেষ দিকে চাপ পড়তে পারে এমন আশঙ্কার কথা মাথায় রেখে ১৪ মার্চ আরেকটি বিজ্ঞপ্তির মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যেই সব প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তাগিদ দেওয়া হয়।”
তাই যারা নির্ধারিত সময়ে আবেদনপত্র জমা দিতে ব্যর্থ হয়েছেন তাদের অভিযোগ আমলে নেওয়া হবে না, বলেন পিএসসি কর্মকর্তা।
টাকা জমা দিয়েও অনেকের পাসওয়ার্ড না পাওয়ার অভিযোগ জানালে তিনি বলেন, “এটা কোনোভাবেই সম্ভব নয়।”
আবেদনে ব্যর্থ হওয়ার অভিযোগে কান না দিয়ে পিএসপি মঙ্গলবারই জানিয়েছে, আগামী ১ জুন ৩৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এমআই/১৮৪৫ ঘ.
bdnews24