২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষার্থীরা ক্লাসে ফেরার পর কর্মবিরতিতে চুয়েট শিক্ষকরা

উপাচার্য নিয়োগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা ক্লাসে ফেরার পর কর্মবিরতির কর্মসূচি দিয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2012, 01:53 PM

Updated : 24 Aug 2022, 11:08 AM

চট্টগ্রাম, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপাচার্য নিয়োগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা ক্লাসে ফেরার পর কর্মবিরতির কর্মসূচি দিয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষকরা। সোমবার নগরীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে এক সংবাদ সম্মেলনে আগামী ২২ এপ্রিল পূর্ণদিবস কর্মবিরতি পালনের ঘোষণা দেয় শিক্ষক সমিতি। একই দাবিতে তারা ১৫ এপ্রিল ক্যাম্পাসে প্রতীক অনশন পালনের ঘোষণাও দেয়। নতুন উপাচার্য নিয়োগের দাবিতে ৩৬ দিন ক্লাস বর্জনের পর শিক্ষার্থীরা সোমবার ক্লাসে ফিরে আসে, সচল হয় চুয়েট ক্যাম্পাস। শিক্ষার্থীরা ক্লাসে ফেরার পর শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা প্রসঙ্গে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মীর মু সাক্বী কাউসার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষকরা উপাচার্য নিয়োগের দাবিতে মাত্র একদিনের কর্মবিরতির ঘোষণা করেছে। দীর্ঘ সময় পরে শিক্ষার্থীরা ক্লাসে ফেরায় টানা কর্মবিরতির ঘোষণা দিইনি।” শিক্ষকরাও উপাচার্য নিয়োগের দাবি জানিয়ে এলেও একই দাবিতে শিক্ষার্থীদের কর্মসূচির বিরোধিতা করেন তারা। “উপাচার্য নিয়োগের দাবিতে শিক্ষকরা আন্দোলন করছে। এতে শিক্ষার্থীদের জড়িত থাকার যৌক্তিক কারণ ছিল না,” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন এই শিক্ষক নেতা। গত ২৮ জানুয়ারি অধ্যাপক শ্যামল কান্তি বিশ্বাসের উপাচার্য হিসেবে দায়িত্বের মেয়াদ শেষ হয়। এর পর শূন্য পদে নতুন উপাচার্য নিয়োগ দেওয়ার দাবিতে গত ৪ মার্চ থেকে শিক্ষার্থীরা ক্লাস বর্জন শুরু করে। সংবাদ সম্মেলনে শিক্ষক নেতা সাক্বী কাউসার বলেন, চুয়েট থেকে একজন যোগ্য জ্যেষ্ঠ শিক্ষককে অবিলম্বে উপাচার্য নিয়োগ দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির সভাপতি ড. মুহাম্মাদ ইব্রাহিম খান, সিন্ডিকেট সদস্য ও ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুর রশীদ, শিক্ষক রেহায়েত করিম, অশোক কুমার সেনগুপ্ত, ড. মোহাম্মদ আহসান উল্লাহ উপস্থিত ছিলেন। আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি পূরণের আগেই রোববার প্রতিটি বিভাগের প্রধানের কাছে ক্লাস করতে ইচ্ছা প্রকাশ করে আবেদন করেন বলে শিক্ষকরা জানান। বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক তাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষার্থীরা ক্লাসে ফিরে এসেছে। কেন ক্লাস বর্জন করেছিল- এর কোনো যৌক্তিক কারণ শিক্ষার্থীরা দেখাতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৯৫০ ঘ.