২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লাসে গণবেত্রাঘাতের প্রতিবাদে ক্লাস বর্জন, ভাঙচুর

জামালপুরের মাদারগঞ্জে স্কুলে গণবেত্রাঘাত করায় ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল ও ভাঙচুর করেছে শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2012, 01:28 PM

Updated : 24 Aug 2022, 11:06 AM

জামালপুর, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুরের মাদারগঞ্জে স্কুলে গণবেত্রাঘাত করায় ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল ও ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। বিক্ষোভের এক পর্যায়ে প্রধান শিক্ষকের কার্যালয়ে প্রায় তিন ঘণ্টা শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে তারা। খবর পেয়ে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মঙ্গলবার দুপুরে মাদারগঞ্জের পলিশা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। স্কুলের নবম শ্রেণীর ছাত্র শিপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার নবম শ্রেণীর ক্লাস কক্ষে পানি খাওয়ার জন্য রাখা পুরাতন নোংরা একটি সিলভারের কলস কে বা কারা ভেঙে ফেলে। এ ঘটনায় প্রধান শিক্ষকের নির্দেশে নবম শ্রেণীর সব ছাত্রছাত্রীকে বেত্রাঘাত করে শিক্ষকরা। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী জানিয়েছে, বেত্রাঘাতে অনেক ছাত্রছাত্রীর শরীরের বিভিন্ন স্থানে জখম হয়ে ফুলে গেছে। এর প্রতিবাদে তারা বিক্ষোভ মিছিল ও ভাঙচুর করেছে। বিদ্যালয়ে উপস্থিত সহকারী প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষানীতির পরিপন্থী হলেও ছাত্রছাত্রীদের নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনে তাদের বেত্রাঘাত করা হয়েছে। ছাত্রছাত্রীদের এর চেয়েও বেশি বেত্রাঘাত করা হয়। কিন্তু কখনো এরকম আন্দোলন হয়নি। শিক্ষার্থীদের ইন্ধন দিয়ে এ ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এএল/১৯২৮ ঘ.