ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী বছরের মধ্যে দেশের সাড়ে ২০ হাজার মাধ্যমিক স্কুলে মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ চালু করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
রাজধানীর পিলখানায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) পরিচালিত দুটি কলেজে মঙ্গলবার মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষের উদ্বোধন করে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
ইতোমধ্যে বেশ কিছু বিদ্যালয়ে নিজস্ব উদ্যোগে মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ চালু করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, “ডিজিটাল ক্লাসরুম চালুর ফলে শিক্ষাদান পদ্ধতির আমূল পরিবর্তন ঘটবে।”
প্রযুক্তির উন্নয়নের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীর মন মানসিকতায়ও যুগোপযোগী পরিবর্তন আনতে হবে বলে মনে করেন তিনি।
মাল্টিমিডিয়া ক্লাসরুমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) কাজে লাগিয়ে পাঠ্যবইয়ের দুর্বোধ্য ও বিমূর্ত বিষয়গুলোকে ছবি, অ্যানিমেশন ও ভিডিও ক্লিপের সাহায্যে আরো সহজ করে উপস্থাপন করা হবে।
যেসব স্কুল-কলেজের আর্থিক সক্ষমতা রয়েছে তাদের মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ চালুর আহ্বান জানান নুরুল ইসলাম।
পিলখানায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ও বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের মাধ্যমিক স্তরে ২৫টি করে ডিজিটাল মাল্টিমিডিয়া টাচ স্ক্রিণ স্থাপন করা হয়েছে। এতে ব্যয় হয়েছে এক কোটি ৫৮ লাখ টাকা।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আনোয়ার হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নোমান উর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/১৯১৪ ঘ.
bdnews24