২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উপাচার্য চেয়ে কর্মবিরতি চুয়েটে

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য নিয়োগের দাবিতে কর্মবিরতি কর্মসূচি পালন করেছে শিক্ষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2012, 01:16 PM

Updated : 24 Aug 2022, 11:05 AM

চট্টগ্রাম, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য নিয়োগের দাবিতে কর্মবিরতি কর্মসূচি পালন করেছে শিক্ষকরা। রোববার সকাল ১১টা থেকে দেড়টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। একই সময়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ধর্মঘটও করে শিক্ষকরা। চুয়েটে উপাচার্য নিয়োগ দেওয়ার দাবি জানানোর পাশাপাশি তা যেন রাজনৈতিক বিবেচনায় না হয়, সে আহ্বানও জানিয়েছে শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়ের মধ্য একজন দক্ষ ও জ্যেষ্ঠ প্রকৌশল শিক্ষককে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে শিক্ষকরা। এর আগে গত ১৮ মার্চ একই দাবিতে শিক্ষকরা ক্যাম্পাসে মৌন মিছিল ও ২৫ মার্চ মানববন্ধন কর্মসূচি পালন করে। এর পরও সরকারের পক্ষ থেকে সাড়া না মেলায় শিক্ষকরা হতাশা প্রকাশ করেন। অবিলম্বে উপাচার্য নিয়োগ দেওয়া না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন শিক্ষকরা। প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন চুয়েটের সিন্ডিকেট সদস্য ও যন্ত্রকৌশল অনুষদের ডিন ড. মো. তাজুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি ড. মুহাম্মাদ ইব্রাহিম খান এবং সাধারণ সম্পাদক মীর মু. সাক্বী কাওসার, শিক্ষক ড. আয়শা আখতার, ড. সুদীপ কুমার পাল প্রমুখ। চুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শ্যামল কান্তি বিশ্বাস গত ২৮ জানুয়ারি উপাচার্য পদে তার নিয়োগের চার বছরের মেয়াদ সম্পন্ন করেন। এর পর থেকে ওই পদে কাউকে নিয়োগ দেয়া হয়নি। বডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯১০ ঘ.