চট্টগ্রাম, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অধিকাংশ পরীক্ষার্থী অনুপস্থিত থাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) লোকপ্রশাসন বিভাগের পূর্বনির্ধারিত পরীক্ষা বাতিল করেছে কর্তৃপক্ষ।
শনিবার দুপুর ১২টায় লোকপ্রশান বিভাগের প্রথম বর্ষের একটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
পরীক্ষায় অংশ নিতে না যাওয়া শিক্ষার্থীরা জানিয়েছে, চবি ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা পরীক্ষায় অংশ না নিতে ফোনে হুমকি দেওয়ায় তারা পরীক্ষা কেন্দ্রে যাননি।
তবে বিভাগের শিক্ষক ও চবি প্রক্টর সিরাজ উদ-দৌল্লা দাবি করেন, কিছু পরীক্ষার্থী না আসায় পূর্বনিধারিত সময়ের পরীক্ষা গ্রহণ করা হয়নি।
শিবিরকর্মীদের হুমকি দেওয়ার বিষয়টি তিনি শুনেছেন বলে জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পরীক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছাত্রশিবিরের ধর্মঘট এবং ফোনে তাদের হুমকি দেওয়ায় ভয়ে অধিকাংশ পরীক্ষার্থী পরীক্ষার হলে আসেনি। প্রথম বর্ষের শতাধিক পরীক্ষার্থীর মধ্যে মাত্র ৩৫-৪০ জন উপস্থিত ছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক পরীক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিবিরের নেতাকর্মীরা ফোন করে পরীক্ষায় অংশ নিতে বারণ করেছে।”
এদিকে, শনিবারও ছাত্রশিবির চার দফা দাবি আদায়ে ক্যাম্পাসে ঝটিকা মিছিল করেছে।
এ বিষয়ে প্রক্টর বলেন, শিবিরকর্মীরা ক্যাম্পাসে হঠাৎ করে দুই তিনটি শব্দ বলে পালিয়ে যায়।
তিনি বলেন, “এগুলো মিছিলের সংজ্ঞায় পড়ে কি না আমার জানা নেই। মিছিল হলে কিছু দাবি দাওয়া থাকবে এবং একটি নিয়মের মধ্যে হবে।”
গত ৮ ফেব্রুয়ারি ছাত্রলীগ-ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়। এরপর ৩৮ দিন বন্ধ থাকার পর মিছিল-সমাবেশ নিষিদ্ধ করে গত ১৮ মার্চ বিশ্ববিদ্যালয় খুলে প্রশাসন।
ওই দিন থেকে ছাত্রশিবির ক্যাম্পাসে লাগাতার ধর্মঘট পালন করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/আরএ/১৯৪৭ ঘ.
bdnews24