২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাকসু দাবিতে স্মারকলিপি

ডাকসুর দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন শুরুর পর জাকসু নির্বাচনের দাবিতেও আন্দোলন শুরু হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2012, 10:53 AM

Updated : 24 Aug 2022, 11:04 AM

জাবি, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডাকসুর দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন শুরুর পর জাকসু নির্বাচনের দাবিতেও আন্দোলন শুরু হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। প্রায় দুই দশক ধরে অকার্যকর জাকসু সচলের দাবিতে বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে ছাত্র ইউনিয়ন। স্মারকলিপি দেওয়ার আগে ক্যাম্পাসে মিছিলও করেছে তারা। ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি সৌমিত চন্দ জয়দ্বীপ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গণতন্ত্র ও শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ কার্যকর করার বিকল্প নেই।” ১৯৯২ সালে সর্বশেষ জাকসু নির্বাচন হয়েছিল। তাতে মাসুম হাসান তালুকদার ও শামসুল তারবীজ ভিপি ও জিএস নির্বাচিন হন। দুই যুগ ধরে ডাকসু নির্বাচন না হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক দল শিক্ষার্থী আন্দোলনে নেমেছে। এনিয়ে আদালতেও গেছে তারা। জাকসু নির্বাচনের পাশাপাশি ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানের দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়ন। উপাচার্য শরীফ এনামুল কবির সার্বিক বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জয়দ্বীপ জানান। ছাত্র ইউনিয়নের অন্য দাবিগুলো হল- জুবায়ের আহমদ হত্যাকাণ্ডের জড়িত অন্যদের গ্রেপ্তার, আন্দোলনরত শিক্ষকদের দাবি বিবেচনায় নিয়ে অচলাবস্থা নিরসন, চিকিৎসা কেন্দ্রের আধুনিকায়ন, পরিবহন ও শ্রেণীকক্ষ সঙ্কট নিরসন ইত্যাদি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৫০ ঘ.