ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিকৃত উচ্চারণ রোধের উপায় নির্ধারণে আদালতের আদেশে ১৫ সদস্যের একটি কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমিরেটাস আনিসুজ্জামানকে আহ্বায়ক করে বুধবার এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক রফিকুল ইসলাম, কবি সৈয়দ শামসুল হক, কবি রফিক আজাদ, কবি নির্মলেন্দু গুণ, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, বাংলা একাডেমীর মহাপরিচালক, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক, বাংলাদেশ বেতারের মহাপরিচালক, তথ্য মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি (যুগ্ম-সচিবের নিচে নয়) ও সংস্কৃতি মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি (যুগ্ম-সচিবের নিচে নয়)।
শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, আদালতের স্বতঃপ্রণোদিত রুলের পরিপ্রেক্ষিতে বাংলা ভাষার দূষণ, বিকৃত উচ্চারণ (যা বলতে আঞ্চলিক উচ্চারণ বোঝাবে না), বিদেশি ভাষার সুরে বাংলা উচ্চারণ ইত্যাদি রোধের উপায় নির্ধারণের লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে।
টেলিভিশন ও রেডিওতে ‘বিকৃত বাংলা উচ্চারণে’ অনুষ্ঠান প্রচার এবং ‘ভাষা দূষণ’ না করতে গত ১৬ ফেব্রুয়ারি নির্দেশ দেয় হাই কোর্ট।
বাংলা ভাষায় দেওয়া ওই আদেশে আদালত বলে, “আমরা আদেশ জারি করছি যে, বাংলা ভাষার পবিত্রতা রক্ষা করতে সর্বোতভাবে চেষ্টা করতে হবে। এই ভাষার প্রতি আর কোনো আঘাত যাতে না আসে সে বিষয়ে সচেষ্ট হতে হবে।”
শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (অডিট ও আইন) কমিটির সদস্য-সচিব হিসেবে কাজ করবেন। এই কমিটি প্রয়োজনে আরো সদস্য কো-অপ্ট করতে পারবে উল্লেখ করে শিগগিরই প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
বাংলা ভাষার দূষণ, বিকৃত উচ্চারণ, ভিন্ন ভাষার সুরে বাংলা উচ্চারণ, সঠিক শব্দ চয়ন না করা এবং বাংলা ভাষার অবক্ষয় রোধে বাংলা একাডেমীর সভাপতি অধ্যাপক আনিসুজ্জামানকে প্রধান করে কমিটি গঠনের নির্দেশ ছিল হাই কোর্টের।
কমিটিতে কে কে থাকবেন, তা নির্ধারণে চূড়ান্ত ক্ষমতা দেওয়া হয় আনিসুজ্জামানকে। তবে আদালত সিরাজুল ইসলাম চৌধুরী, রফিকুল ইসলাম, নির্মলেন্দু গুণ, রফিক আজাদ, সেলিনা হোসেন ও সৈয়দ শামসুল হকের নাম প্রস্তাব করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/এমআই/১৯৪১ ঘ.
bdnews24