জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপাচার্যের পদত্যাগ দাবিতে দ্বিতীয় দিন অবরোধ কর্মসূচি পালন করেছে শিক্ষক সমাজের ব্যানারে উপাচার্য বিরোধী আন্দোলনরত শিক্ষকরা।
রোববার বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরুদ্ধ করে রাখে আন্দোলনরত শিক্ষকরা। কর্মসূচিতে নেতৃত্ব দেন শিক্ষক সমাজের আহ্বায়ক এবং সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক নাসিম আখতার হোসাইন।
অবরোধ চলাকালে প্রশাসনিক ভবনে উপাচার্য না থাকলেও উপ-উপাচার্য, নিবন্ধক, কোষাধ্যক্ষ ও কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পড়েন।
শনিবার থেকে শিক্ষক সমাজ এই কর্মসূচি পালন করছে। ২৭-২৮ মার্চ রয়েছে তাদের সর্বাত্মক ধর্মঘট।
অবরোধ কর্মসূচি পালন শেষে কোষাধ্যক্ষ অধ্যাপক নাসির উদ্দিন শিক্ষক সমাজের সঙ্গে তার কার্যালয়ে এক অনির্ধারিত বৈঠক করেন।
এ বিষয়ে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এএ মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি প্রশাসনের পক্ষ থেকে শিক্ষক সমাজকে আলোচনার প্রস্তাব দিয়েছেন।
গত বছরের ২৯ ডিসেম্বর শিক্ষক সমিতির নির্বাচন সামনে রেখে বিভিন্ন বিভাগে ৩২ জনকে শিক্ষক নিয়োগ দেওয়ার পর থেকেই শিক্ষক সমাজের ব্যানারে আন্দোলন শুরু করেন বিভিন্ন দল ও মতের শিক্ষকরা।
এর পরপরই বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়ের নিহত হয়। এই হত্যার বিচার, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখাসহ আট দফা দাবিতে তখন থেকেই এ পক্ষের শিক্ষকরা আন্দোলন চালিয়ে আসছেন।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উপাচার্য শিক্ষকদের সঙ্গে বারবার প্রতিশ্র“তি ভঙ্গ করেছেন, তাকে আর বিশ্বাস করা যায় না, অবশ্যই তাকে পদত্যাগ করতে হবে।”
নাসিম আখতার হোসাইন বলেন, “উপাচার্য সরে না দাঁড়ালে প্রয়োজনে আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৭০৩ ঘ.
bdnews24