চট্টগ্রাম, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কয়েকটি বিভাগের শ্রেণীকক্ষে লাগানো বিভাগের নিজস্ব তালা কে বা কারা আঠা (সুপার গ্লু) দিয়ে আটকে দিয়েছে।
সমাজ বিজ্ঞান, বিজ্ঞান ও জীব বিজ্ঞান অনুষদের বেশ কয়েকটি বিভাগের শ্রেণীকক্ষের দরজায় লাগানো তালা বৃহস্পতিবার সকালে খুলতে গেলে আঠা লাগানোর বিষয়টি ধরা পড়ে।
বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট পালন করতে থাকা ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক মাসুম বিল্ল¬াহ স্বাক্ষরিত এক ই-মেইলে বলা হয়, “পঞ্চম দিনের ধর্মঘট পালনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শ্রেণীকক্ষে বৃহস্পতিবার তালা দেওয়া হয়েছে।”
তবে শ্রেণীকক্ষে আঠা লাগানো অবস্থায় যে তালাগুলো পাওয়া গেছে সেগুলো বিভাগেরই তালা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ-দৌল¬াহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “সকালে শ্রেণীকক্ষের তালা খোলার আগে কোনো এক সময় এই সুপার গ্লু দেওয়া হয়েছে। এ কারণে ওইসব কক্ষের তালা খোলা যায়নি।”
৩৮ দিন বন্ধ থাকার পর গত ১৮ মার্চ বিশ্ববিদ্যালয় খোলার প্রথম দিন থেকেই চার দফা দাবিতে ক্যাম্পাসে ধর্মঘট পালন করে আসছে শিবির।
বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ক্যাম্পাসে সব ধরনের মিছিল- সমাবেশ নিষিদ্ধ থাকলেও শিবির মিছিলও করছে।
গত ৮ ফেব্রুয়ারি ক্যাম্পাসে ছাত্রলীগ-ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়। প্রক্টরসহ আহত হয় আরো ৪০ শিক্ষার্থী।
ওই দিন সন্ধ্যায় শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয় প্রশাসন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এএইচ/২০৫০ ঘ.
bdnews24