জাবি, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবিরের পদত্যাগ দাবিতে কালো পতাকা মিচিল করছে আন্দোলনরত শিক্ষকরা।
‘শিক্ষক সমাজ’ ব্যানারে ধারাবাহিক আন্দোলন কর্মসূচি পালন করে আসা শিক্ষকরা বৃহস্পতিবার বেলা ১১টায় নতুন কলা ভবন থেকে কালো পতাকা মিছিল শুরু করে।
ক্যাম্পাসের বিভিন্ন ভবন প্রদক্ষিণ করে উপাচার্যের কার্যালয়ের সামনে সমাবেশ করে তারা। এই কর্মসূচিতে সরকার সমর্থক ও বিরোধী উভয় মতের শিক্ষকদেরই দেখা গেছে।
শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক নাসিম আখতার হোসাইনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন অধ্যাপক এম এ মতিন, অধ্যাপক আতিকুর রহমান, অধ্যাপক মোজাম্মেল হক, অধ্যাপক রশীদ হারুন প্রমুখ।
অধ্যাপক নাসিম আখতার হোসাইন বলেন, “স্বৈরাচারী ও অগণতান্ত্রিক উপাচার্যের পতনের লক্ষ্যে শিক্ষকরা সময় বেঁধে দিয়েছেন। কোনো ধরনের অনৈতিক উপায়ে পদ আঁকড়ে থাকার সুযোগ নেই।”
শিক্ষক নিয়োগসহ নানা ক্ষেত্রে অনিয়মের অভিযোগ তুলে উপাচার্যের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছে শিক্ষক সমাজ। তবে শরীফ এনামুল কবির বরাবরই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন।
গত ১৫ মার্চ এক সংবাদ সম্মেলনে ১০ দিনের মধ্যে উপাচার্যকে পদত্যাগের আহ্বান জানানো হয়। এর পাশাপাশি বিভিন্ন কর্মসূচিও ঘোষণা করে শিক্ষকরা।
অধ্যাপক শরীফ এনামুল কবির পদত্যাগ না করলে আগামী ২৪-২৫ মার্চ উপাচার্যের কার্যালয় অবরোধ এবং ২৭-২৮ মার্চ বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের কর্মসূচি রয়েছে শিক্ষকদের।
এদিকে শিক্ষক সমিতির উপাচার্য সমর্থক শিক্ষকরা ‘শিক্ষক সমাজ গৃহীত ও ঘোষিত’ কার্যক্রমের বিষয়ে একটি তলবি সভা ডাকতে সমিতির সভাপতিকে চিঠি দিয়েছিল। তবে তা না করে ৭ এপ্রিল সাধারণ সভার তারিখ ঘোষণা করেছেন সভাপতি অধ্যাপক এ এ মামুন।
উপাচার্যবিরোধী আন্দোলনের সমর্থক অধ্যাপক মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষক সমাজ শিক্ষকদেরই একটি ফোরাম, শুধু তাদের কর্মসূচিকে আলোচ্যসূচি করে কোনো সভা ডাকা সঙ্গত নয় বলে সাধারণ সভা ডেকেছি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭০৫ ঘ.
bdnews24