ঢাবি, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণমানুষের তথ্য চাহিদা পূরণে যোগ্য তথ্য পেশাজীবী গড়তে জাহাঙ্গীরনগর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তথ্যবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠার দাবি জানানো হয়েছে।
বুধবার স্বাধীনতা পদক প্রাপ্ত শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয় তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ এবং বাংলাদেশ গ্রন্থাগার সমিতির প্রতিষ্ঠাতা প্রয়াত মুহম্মদ সিদ্দিক খান (এম এস খান) এর ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে আর সি মজুমদার মিলনায়তনে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে এ দাবি জানানো হয়েছে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক নাফিজ জামান শুভ বলেন, বিভিন্ন সময় শিক্ষা কমিশনের রিপোর্টে তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ খোলার সুপারিশ করা হলেও আজ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে এ বিভাগটি খোলা হয়নি।
বাংলাদেশ গ্রন্থাগার সমিতির গবেষণা ও প্রকাশনা সম্পাদক নাফিজ তথ্যভিত্তিক সমাজ গঠনে ও গ্রন্থাগার ভিত্তিক শিক্ষার উন্নয়নে জাহাঙ্গীরনগর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ খোলার দাবি জানান।
প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী জনাব আবুল কালাম আজাদ বলেন, তথ্যভিত্তিক সমাজ গঠনে সরকারর সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে।
তথ্যই শক্তি আর এই তথ্য শক্তিকে কাজে লাগিয়ে আদর্শ সমাজ গঠনে এই বিভাগের শিক্ষার্থীদেরই অগ্রণী ভূমিকা পালন করতে হবে, বলেন তিনি।
শিক্ষা মন্ত্রণালয়ের সচিব কামাল আবদুল নাসের চৌধুরী নিজেকে গ্রন্থাগার আন্দোলনের সহযাত্রী উল্লেখ করে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সভায় বাংলা একাডেমীর সাবেক মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ হারুন-উর-রশিদ প্রয়াত মুহম্মদ সিদ্দিক খানের জীবন নিয়ে আলোচনা করেন।
বাংলাদেশ গ্রন্থাগার সমিতির সভাপতি অধ্যাপক এম নাসিরউদ্দিন মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, দি ইনডিপেনডেন্ট” পত্রিকার সম্পাদক মাহ্বুবুল আলমসহ উপস্থিত ছিলেন।
এম এস খানের জন্মদিনটি ২০১০ সাল থেকে বাংলাদেশ গ্রন্থাগার সমিতি ‘গ্রন্থাগার দিবস’ হিসেবে পালন করে আসছে। এ উপলক্ষে বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা থেকে একটি শোভাযাত্রাও বের হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৪৫ ঘ.
bdnews24