রাজশাহী বিশ্ববিদ্যালয়, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন তিন জন সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে।
এরা হলেন- বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের শিক্ষক মো. শাহরিয়ার পারভেজ, ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের মো. আরমান হোসেন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের হুমায়ুন কবীর।
বুধবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরের উপ-রেজিস্ট্রার নেসার উদ্দিন আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১২ সদস্যের প্রক্টরিয়াল বডি গঠনের নিয়ম রয়েছে। গত ২৫ ফেব্রুয়ারি ছয় জন সহকারী প্রক্টরের দায়িত্বের মেয়াদ শেষ হয়। বর্তমানে দুই জন সহকারী প্রক্টরের দায়িত্বে রয়েছেন যাদের একজনের মেয়াদ আগামী ৩০ মার্চ শেষ হবে।
গত ২৬ ফেব্রুয়ারি প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া ও ছাত্র উপদেষ্টা গোলাম সাব্বির সাত্তার তাপুকে স্বপদে পুনঃনিয়োগ দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/২১২৮ ঘ.
bdnews24