২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইবি শিক্ষক সমিতির সভা হট্টগোলে পণ্ড

হট্টগোলের মধ্য দিয়ে বুধবার ইসলামী বিশ্ববিদ্যলয়ে শিক্ষক সমিতির সাধারণ সভা পণ্ড হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2012, 12:51 PM

Updated : 24 Aug 2022, 11:01 AM

ইসলামী বিশ্ববিদ্যলয়, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হট্টগোলের মধ্য দিয়ে বুধবার ইসলামী বিশ্ববিদ্যলয়ে শিক্ষক সমিতির সাধারণ সভা পণ্ড হয়ে গেছে। শিক্ষকদের এই সভার কারণে এদিন কোনো বিভাগে ক্লাশ হয়নি। উপস্থিত শিক্ষকরা জানান, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শিক্ষক সমিতি সাধারণ সভার শুরু হয় বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদে। সমিতির সভাপতি অধ্যাপক এম এয়াকুব আলীর সভাপতিত্বে প্রায় আড়াইশ’ শিক্ষক সভায় উপস্থিত ছিলেন। সভার এজন্ডা ছিল বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ দুই ছাত্র উদ্ধারের দাবিতে শিক্ষকদের কর্মসূচি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকদের নিরাপত্তা নিয়ে আলোচনা এবং এ পর্যন্ত মারা যাওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পরিবারকে সুযোগ-সুবিধা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি উত্থাপন। সভা চলার এক পর্যায়ে সভাপতি এম এয়াকুব আলী বিশ্ববিদ্যালয়ের দুই নিখোঁজ ছাত্রের উদ্ধারের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ১৫ দিনের আল্টিমেটাম দিয়ে কর্মবিরতি পালনের ঘোষণা। এ সময় প্রগতিশীল শিক্ষকরা এই একতরফা সিদ্ধান্তের প্রতিবাদ করলে সভাকক্ষে হট্টগোল শুরু হয়। এরপর কোনো সিদ্ধান্ত ছাড়াই দুপুর আড়াইটায় সভার সমাপ্তি ঘোষণা করেন সভাপতি। এ ব্যপারে প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, উপস্থিত শিক্ষকদের কোনো বক্তব্য না নিয়ে সভাপতি একতরফা সিদ্ধান্ত নেওয়ায় শিক্ষক প্রতিবাদ জানান। পরে এ সিদ্ধান্ত বাতিল করা হয়। সমিতির সভিাপতি এম এয়াকুব আলী বলেন, “উদ্ভূত পরিস্থিতিতে সিদ্ধান্ত ছাড়াই সভা সমাপ্ত করা হয়েছে। পরে এ ব্যপারে আবার সভা আহবান করা হবে।” প্রক্টর ড. মেহের আলী বলেন, “কোনো গোষ্ঠীর হয়ে এককভাবে কাজ করা বা কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। সব শিক্ষকের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় মাথায় রেখে কাজ করা উচিত। সভার কারণে বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগে ক্লাশ হয়নি বলে তিনি নিশ্চিত করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪৪ ঘ.