২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিবিরের ধর্মঘটের মধ্যে খুলেছে চবি

৩৮ দিন বন্ধ থাকার পর ইসলামী ছাত্রশিবিরের ডাকা ধর্মঘটের মধ্যে খুলেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2012, 07:26 AM

Updated : 24 Aug 2022, 11:00 AM

চট্টগ্রাম, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৩৮ দিন বন্ধ থাকার পর ইসলামী ছাত্রশিবিরের ডাকা ধর্মঘটের মধ্যে খুলেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। রোববার সকালে শহর থেকে শাটল ট্রেনগুলো বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ছেড়ে গেলেও ক্যাম্পাসে শিক্ষার্থীর উপস্থিতি কম দেখা গেছে। হাতেগোণা কয়েকটি বিভাগে ক্লাস হলেও কোনো পরীক্ষা হয়নি। যে কয়টি বিভাগে ক্লাস হয়েছে তাতে শিক্ষার্থীর উপস্থিতি ছিল একেবারেই কম। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবি করেছে, খোলার প্রথম দিন থেকেই ক্যাম্পাসে ক্লাস-পরীক্ষা স্বাভাবিক। সকালে উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ সাংবাদিকদের বলেন, খোলার পর প্রথমদিন হওয়ায় ক্লাস-পরীক্ষায় শিক্ষার্থীদের উপস্থিতি কম। এদিকে লাগাতার ধর্মঘটের ডাক দেওয়া ইসলামী ছাত্রশিবির দুপুর ১২টার দিকে চাকসু চত্বর এলাকায় মিছিল করেছে। গত ৮ ফেব্রুয়ারি চবি ক্যাম্পাসে ছাত্রলীগ ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের বিশ্ববিদ্যালয় বন্ধ হয়। ওই সংঘর্ষে শিবিরের দুই নেতা-কর্মী নিহত হন। তাদের হত্যাকারীদের গ্রেপ্তারসহ চারদফা দাবিতে খোলার দিন থেকে ধর্মঘটের ডাক দিয়েছে শিবির। এদিকে খোলার প্রথমদিন থেকেই ক্যাম্পাসে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ। ক্যাম্পাস এলাকায় চার-পাঁচ জনের অতিরিক্ত শিক্ষার্থী জড়ো হলে তাদের তল্লাশি করতে দেখা যায়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ দ্দৌলাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে চাই।” এদিকে শাহ আমানত হল ছাড়া বাকি আবাসিক হলগুলোতে শিক্ষার্থীরা উঠতে শুরু করলেও সংখ্যায় তা খুবই কম। শিবির-ছাত্রলীগের সংঘর্ষের আশঙ্কায় শাহ আমানত হলটি সিলগালা করে রেখেছে প্রশাসন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এমআই/১৩১৭ ঘ.