চট্টগ্রাম, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রশিবিরের ধর্মঘটের হুমকির মধ্যেই ৩৮ দিন পর রোববার থেকে খুলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)।
ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মুখোমুখি অবস্থানের কারণে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হল শুক্রবার সিলগালা করেছে চবি প্রশাসন।
অন্যপর নয়টি হোস্টেল শুক্রবার থেকে খুললেও শনিবারও শিক্ষার্থীদের ওঠার হার কম ছিল।
এদিকে দুই নেতার হত্যাকারীদের গ্রেপ্তারসহ চার দফা দাবিতে রোববার থেকে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে ছাত্রশিবির।
তবে চবি প্রক্টর সিরাজ উদ-দৌল্লাহ বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমককে জানান, পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী কাল (রোববার) থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা শুরু হবে।
শুক্রবার সিলগালা করে দেওয়া আমানত হল খুলে দেওয়ার বিষয়ে শনিবার পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান তিনি।
প্রত্যেক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, শুক্রবারের মতো শনিবারও হলে সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি নগণ্য।
শনিবার সাধারণ শিক্ষার্থীদের মোটামুটি উপস্থিতি রয়েছে জানিয়ে প্রক্টর বলেন, সবার সহযোগিতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফেরানো সম্ভব।
শিবিরের ডাকা ধর্মঘট প্রসঙ্গে চবি প্রক্টর বলেন, তাদের সব যৌক্তিক দাবি পর্যায়ক্রমে বিবেচনা করা হবে।
এদিকে ছাত্রশিবিরে এক ই-মেইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, প্রশাসন আবাসিক শিক্ষার্থীদের আমানত হলে উঠতে না দিয়ে সিলগালা করে দিয়েছে।
এ প্রেক্ষিতে অনির্দিষ্টকাল ধর্মঘটের ঘোষণা দিয়েছে ছাত্র সংগঠনটি।
এর আগে বুধবার রাতে নগরীর চকবাজারে একটি রেষ্টুরেন্টে সংবাদ সম্মেলন করে ছাত্র ধর্মঘটের ডাক দেওয়ার পর গ্রেপ্তার হন চবি শিবিরের সভাপতি বদিউল আলমসহ আট নেতাকর্মী।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত ৮ ফেব্রুয়ারি ছাত্রলীগ-ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হন। আহত হন প্রক্টরসহ ৪০ শিক্ষার্থী। ওই দিন সন্ধ্যার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয় প্রশাসন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/পিডি/২১১৪ ঘ.
bdnews24