চট্টগ্রাম, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত ৮ ফেব্রুয়ারির সংঘর্ষের পর বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো শুক্রবার খুলে দেওয়ার কথা থাকলেও একটি হলে শিক্ষার্থী ওঠানো হচ্ছে না।
শাহ আমানত হলে তালা ঝুলিয়ে সিলগালা লাগিয়ে দিয়েছে প্রশাসন।
ছাত্রলীগ-ছাত্রশিবিরের মুখোমুখি অবস্থানের কারণে এই হলে শিক্ষার্থীদরকে উঠতে বারণ করা হচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
বাকি নয়টি হল খুললেও শিক্ষার্থীদের উপস্থিতি তেমন নেই। তবে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা হলগুলোতে অবস্থান নিচ্ছে বলে শিক্ষার্থীরা জানিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ-দৌল্লাহ সাংবাদিকদের জানান, নয়টি হলে সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা স্ব স্ব আসনে উঠতে শুরু করেছে।
“তবে শাহ আমাণত হলে দুই পক্ষ (ছাত্রলীগ-ছাত্রশিবির) এক সঙ্গে উঠতে গেলে সম্ভাব্য সমস্যার কথা চিন্তা করে ওই হলে শিক্ষার্থীদের ওঠানো হচ্ছে না,” বলেন তিনি।
শাহ আমানত হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. কলিম উদ্দীন ভূঞা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার হলে আপাতত শিক্ষার্থী উঠানো হচ্ছে না। একটু সমস্যা হয়েছে।”
‘সমস্যা’ নিয়ে চবি উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফের সঙ্গে বৈঠকে বসেছেন বলে তিনি জানান।
সোহরাওয়ার্দী হলের ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষ মোহাম্মদ আনোয়ার সাঈদ জানান, তার হলে শিক্ষার্থী উঠতে শুরু করেছে। তাদের জন্য খাবারের ব্যবস্থাসহ সব সুযোগ-সুবিধা চালু করা হয়েছে।
প্রক্টর জানান, ক্যাস্পাসে শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সকাল থেকে র্যাবের চারটি গাড়ি এবং তিন শতাধিক পুলিশ ক্যাম্পাসে দায়িত্ব পালন করছে।
গত ৮ ফেব্রুয়ারি চবি ক্যাম্পাসে ছাত্রলীগ ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়। ওই ঘটনায় আহত হয় প্রক্টরসহ ৪০ শিক্ষার্থী। ওই দিন বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে ১০টি আবাসিক হলের শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১১০ ঘ.
bdnews24