২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নোবিপ্রবির তিন ছাত্র বহিষ্কার

ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) তিন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2012, 10:12 AM

Updated : 24 Aug 2022, 10:59 AM

নোয়াখালী, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) তিন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। এছাড়া অপর দুই জনকে জরিমানা এবং আরো দুই জনকে সতর্ক করে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. মমিনুল হক জানান, বুধবার আইনশৃঙ্খলা কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এদের মধ্যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন্স ইঞ্জিনিয়ারিং (সিএসটিই) বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মঞ্জুরুল আলম মহসিন ও ত্রিপাটি চাকমাকে এক বছরের জন্য, আনিছুল ইসলাম মাহমুদকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া ফিশারিজ বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র বিনয় রায় ও ফলিত রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র সজীব রায়হানকে ১ হাজার টাকা জরিমানা এবং ফলিত রসায়নের শিক্ষার্থী মাহমুদুর রহমান ও আমির হামজাকে সতর্ক করে দেওয়া হয়। অধ্যাপক মো. মমিনুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, শিক্ষকদের মাইক্রোবাস ও ছাত্র হলে ব্যাপক ভাঙচুর চালানোর ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদনের সাপেক্ষে এদের বহিষ্কার করা হয়েছে। ওই ঘটনার পর ২ জানুয়ারি শৃঙ্খলা কমিটির বৈঠকে ছয় ছাত্রকে সাময়িকভাবে বহিষ্কার এবং ঘটনার তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে চার সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিলো। অধ্যাপক মমিনুল আরো জানান, সভায় বিশ্ববিদ্যালয়ের শাস্তি পাওয়া এসব শিক্ষার্থীকে ভবিষ্যতে এ বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর শ্রেণীতে ভর্তির সুযোগ না দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেন, “তদন্ত কমিটির প্রতিবেদনে উল্লেখিত শিক্ষার্থীরা দোষী প্রমাণিত হয়েছে।” বুধবার উপাচার্য একেএম সাঈদুল হক চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে ১৮ সদস্যের মধ্যে ১৩ সদস্য উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এএল/১৬০৮ ঘ.