২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবি সংঘর্ষ: দোষীরা ‘চিহ্নিত’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-ছাত্রশিবির সংঘর্ষের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন সিন্ডিকেটে গৃহীত হয়েছে, যাতে দোষীদের চিহ্নিত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2012, 02:38 PM

Updated : 24 Aug 2022, 10:58 AM

চট্টগ্রাম, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-ছাত্রশিবির সংঘর্ষের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন সিন্ডিকেটে গৃহীত হয়েছে, যাতে দোষীদের চিহ্নিত করা হয়েছে। বৃহস্পতিবার চবির উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফের সভাপতিত্বে সিন্ডিকেট সভায় এই তদন্ত প্রতিবেদন গ্রহণ করে। সিন্ডিকেট সচিব ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত নিবন্ধক অধ্যাপক মোহাম্মদ সফিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১২ থেকে ১৩টির মতো সুপারিশ দিয়ে প্রায় ৮ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন গৃহীত হয়েছে। “প্রতিবেদনে দোষীদেরকে চিহ্নিত করা হয়েছে, তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে বিশ্ববিদ্যালয়ের একাধিক পর্ষদের মাধ্যমে তা যেতে হবে,” বলেন তিনি। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থার বিষয়ে কত সময় লাগবে- জানতে চাইলে নিবন্ধক বলেন, তা করতে সময় লাগবে। তদন্ত প্রতিবেদনে উঠে আসা দোষীদের নামসহ অন্যান্য তথ্য জানাতে রাজি হননি তিনি। প্রক্টরকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিতে প্রতিটি বিভাগ ও ইনস্টিটিউট থেকে একজন করে পরামর্শক নিয়োগের বিষয়ে সিন্ডিকেটে সিদ্ধান্ত হয়েছে বলেও সফিউল আলম জানান। গত ৮ ফেব্রুয়ারি চবি ক্যাম্পাসে ছাত্রলীগ ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়। আহত হয় চবি প্রক্টরসহ আরো ৪০ শিক্ষার্থী। ওই ঘটনার পর দিন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি এবং ১০ সদস্যের একটি লিয়াজোঁ কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটিকে ১৪ দিনের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ দেওয়া হলেও পরে আরো ১৭ দিন সময় বাড়িয়ে দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এমআই/২০৩০ ঘ.