ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির মহাসমাবেশের দিন রাজধানীর সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো ‘খোলা’ থাকলেও শিক্ষার্থীদের তেমন উপস্থিতি নেই।
সোমবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঘুরে, প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এ চিত্র পাওয়া গেছে।
সরকারের কড়াকড়ি ও কঠোর নিরাপত্তার মধ্যে রাজধানীতে অনেকটা হরতালের আবহ বিরাজ করছে। রাস্তায় কিছু রিকশা ও অটোরিকশা থাকলেও সড়কে লোক একেবারেই চলাচল কম। মোড়ে মোড়ে বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব সদস্যদের অবস্থান নিয়ে থাকতে দেখা গেছে।
সিদ্ধেশ্বরী কলেজের অধ্যক্ষ মো. ফয়েজ হোসাইন সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যাদের পরীক্ষা রয়েছে শুধু তারাই কলেজে এসেছে। সকাল থেকে অনার্স ১ম ও ৩য় বর্ষের পরীক্ষা চলছে বলেও দাবি করেন তিনি।
মতিঝিল সরকারি বালিকা বিদ্যালয়ের অফিস সহকারী জানান, এই বিদ্যালয়ে কোনো ক্লাস-পরীক্ষা হচ্ছে না। কোনো ছাত্রীও স্কুলে আসেনি।
বিদ্যালয়ের শিক্ষার্থী আদ্রিতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষকরাই বলে দিয়েছেন সোমবার বিদ্যালয়ের না এলেও চলবে।”
তবে ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মাহফুজা চৌধুরী দাবি করেন, হলে অবস্থানকারী মেয়েরা সকাল থেকেই ক্লাস করতে এসেছে। তবে শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক কম বলেও জানান তিনি।
রাজনৈতিক কর্মসূচি থাকায় দূরে বসবাসকারী মেয়েরা কলেজে আসতে পারেনি বলে মনে করেন অধ্যক্ষ মাহফুজা।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ইয়াসমিন সেতু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমেক বলেন, “জানা মতে আমার কোনো বান্ধবিই স্কুলে যায়নি।”
নিরপত্তা না থাকার তারা বাবা-মা সোমবার স্কুলে যেতে নিষেধ করেছেন বলে জানান তিনি।
সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম শমশের আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার ক্যাম্পাস বন্ধ রয়েছে, মঙ্গলবার থেকে যথারীতি ক্লাস চলবে।
সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের মতো রাজধানীর বেশিরভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়েই ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে বলে খোঁজ নিয়ে জানা গেছে।
ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের একজন শিক্ষার্থী জানান, রোববার হঠাৎ করেই দুপুর ২টার দিকে সব ক্লাস বাতিল করে দেওয়া হয়। তাছাড়া সোমবারও ক্লাসে হবে না- মৌখিকভাবে তা জানিয়ে দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে কিনা- জানতে চাওয়া হলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক বলেন, “আসলে বিশ্ববিদ্যালয় খোলাই রয়েছে। তবে অনেকটা রিলাক্সড।”
বিএনপির মহাসমাবেশের কারণে স্কুল বন্ধ রয়েছে বলে জানান গেটওয়ে ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মুঞ্জুর আলম। গত শনিবার স্কুল পরিচালনা পর্ষদ ও অভিভাবকদের সঙ্গে বৈঠক করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
ইবাইস বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর পরিমল চন্দ্র দত্ত জানান, বিশ্ববিদ্যালয়ের অফিস খোলা রয়েছে। তবে কোনো পরীক্ষা সিডিউলে রাখা হয়নি। তাই শিক্ষার্থীদের উপস্থিতি খুবই কম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/১১৪৫ ঘ.
bdnews24