চট্টগ্রাম, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে মডেল থানা স্থাপন ও র্যাবের নিয়মিত টহলসহ আট দফা দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
রোববার দুপুরে চবি শিক্ষক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আজগর চৌধুরী।
লিখিত বক্তব্যে তিনি বলেন, “যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের বিচারসহ বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক পরিস্থিতি জটিলতার দিকে যাওয়ায় কায়েমী স্বার্থবাদি মহল বিশ্ববিদ্যালয়কে অশান্ত করে তুলেছে।”
গত ৮ ফেব্রুয়ারি দুটি ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ বাঁধলে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বরত শিক্ষকরা এগিয়ে আসে উল্লেখ করে তিনি বলেন, এ সময় দুই পক্ষের কর্মীদের থামাতে চেষ্টা করেন দায়িত্বরত শিক্ষকরা।
আজগর চৌধুরী বলেন, “সহকারী প্রক্টর মোহাম্মদ মঈনুল ইসলামকে বিকৃত স্থিরচিত্রের মাধ্যমে একটি সংগঠন তাদের প্রতিপক্ষের নেতৃত্বদানকারী হিসেবে চিহ্নিত করার অপপ্রয়াস চালাচ্ছে।”
“সংগঠনটি বিকৃত স্থিরচিত্র দিয়ে পোস্টার ও প্রচারপত্র ওই শিক্ষকের বাসার আশপাশেসহ ক্যাম্পাসে সাঁটানো হয়েছে।”
শিক্ষক সমিতির আট দফা দাবির অন্যগুলো হলো- শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচারে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, প্রচারপত্র তৈরি ও বিতরণে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, ক্যাম্পাসে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী সদস্য নিয়োগ, আবাসিক হল গুলোতে বৈধ শিক্ষার্থীদের অবস্থান নিশ্চিত করা, বেসরকারি কটেজে অবস্থানরত শিক্ষার্থীদের বিষয়ে তথ্য পুলিশকে জানানো, প্রতিটি বিভাগে ছাত্র উপদেষ্টা নিয়োগ ও সব ছাত্র সংগঠনসহ অভিভাবক সহযোগিতা দেওয়া।
সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোজাফফর আহমদ চৌধুরী, সহ-সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ মুয়াজ্জম হোসেন, যুগ্ম সম্পাদক রবিউল হাসান, সদস্য ড. জরিন আখতার প্রমুখ উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত ৮ ফেব্রুয়ারি ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়। এর পর থেকে বন্ধ থাকা বিশ্ববিদ্যালয়টি আগামী ১৮ মার্চ খোলার কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/পিডি/১৮৪০ ঘ.
bdnews24