২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিতে পরিবেশ প্রযুক্তি বিষয়ক সম্মেলন শুরু

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী পরিবেশ প্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2012, 08:53 AM

Updated : 24 Aug 2022, 10:57 AM

শাহজালাল বিশ্ববিদ্যালয়, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী পরিবেশ প্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। শনিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘টেকসই উন্নয়নের জন্য পরিবেশগত প্রযুক্তি’ শীর্ষক সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “পরিবেশ ও নির্মাণ প্রযুক্তি নিয়ে এই সম্মেলন বাংলাদেশ তো নয়ই সারা বিশ্বে একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করবে। পরিবেশগত টেকসই উন্নয়নের ক্ষেত্রে এ সম্মেলন বাংলাদেশের সাথে উন্নত বিশ্বের যোগাযোগের মাইলফলক সৃষ্টি করবে।” বিশ্ববিদ্যালয়ের পুর ও পরিবেশ কৌশল (সিইই) বিভাগ এই সম্মেলনের আয়োজন করেছে। শাবি উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোষাধ্যাক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, সিইই বিভাগের প্রধান অধ্যাপক ড. আকতারুল ইসলাম চৌধুরী । উদ্বোধনী অনুষ্ঠানের পর দুটি কী-নোট পেপার উপস্থাপন করেন বুয়েটের অধ্যাপক ড. মেহেদী আহমদ আনসারী ও শাবির অধ্যাপক ড. আকতারুল ইসলাম চৌধুরী। সম্মেলনের প্রথম দিন দুপুরের পর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘সি’ এ ছয়টি টেকনিক্যাল সেশনে প্রায় অর্ধ শতাধিক প্রবন্ধ উপস্থাপন করা হবে। সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক ড. আকতারুল ইসলাম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনদিনব্যাপী এই সম্মেলনে গৃহ সামগ্রী ও গৃহ নির্মাণ, দুর্যোগ ব্যবস্থাপনা, ভূমিকম্প, পরিবেশ উন্নয়ন, জীব বৈচিত্র্য, পরিবেশ ও নির্মাণের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব, নবায়নযোগ্য শক্তি, পরিবেশগত কাঠামো, শিল্প বর্জ্য পরিশোধন কৌশল ও ব্যবস্থাপনা এবং দূষিত পানি পরিশোধন ও ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা হবে। সম্মেলনে বাংলাদেশসহ আটটি দেশের প্রায় সাড়ে তিনশ জন পরিবেশ বিশেষজ্ঞ অংশগ্রহণ করছে বলে জানান তিনি। এই আন্তর্জাতিক সম্মেলনের মিডিয়া পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৪৪৯ ঘ.