জাবি, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষকদের আন্দোলনের মুখে অবরুদ্ধ হয়ে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক (রেজিস্ট্রার) আবু বকর সিদ্দিক।
জুবায়ের হত্যার বিচার বিভাগীয় তদন্তসহ আটদফা দাবিতে আন্দোলরত শিক্ষকরা বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অনিয়ম-দুর্নীতি নিয়ে একের পর এক প্রশ্ন করতে থাকলে একপর্যায়ে নিবন্ধক এই আশ্বাস দেন।
আবু বকর বলেন, “বিশ্ববিদ্যালয়ে কোনো অনিয়ম-দুর্নীতির অভিযোগ যদি থাকে, তা হলে অভিযোগ খতিয়ে দেখে আমরা পদক্ষেপ নেব।”
আন্দোলনরত শিক্ষকরা প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন নিবন্ধককে।
বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়ের আহমেদ গত ৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ‘উপাচার্য মদদপুষ্ট’ বলে পরিচিত ছাত্রলীগ কর্মীদের হামলায় আহত হন। পরদিন ঢাকার ইউনাইটেড হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এ ঘটনায় ‘বিতর্কিত’ ভূমিকার জন্য তুমুল সমালোচনার মুখে পড়তে হয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবিরকে। পরে শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা আজিম উদ্দিন, প্রক্টর আরজু মিয়া এবং প্রক্টরিয়াল কমিটির অন্য সদস্যরা পদত্যাগ করেন।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের ৭ ছাত্রলীগকর্মীর ছাত্রত্ব বাতিল এবং অন্য ছয় জনকে দুই বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। হত্যার ঘটনায় পুলিশ এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে, যাদের প্রত্যেকেই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
ওই ঘটনার বিচার বিভাগীয় তদন্তসহ আট দফা দাবিতে শতাধিক শিক্ষক বেলা ১১টার দিকে নতুন কলা ভবনের সামনে থেকে মৌন মিছিল করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আসেন।
সেখানে তাদের সমাবেশ করার কথা থাকলেও ভেতরে গিয়ে নিবন্ধক আবু বকর সিদ্দিককে বিভিন্ন অনিয়ম-দুর্নীতি নিয়ে প্রশ্ন করতে শুরু করেন তারা।
গণিত বিভাগে তিনজন নতুন শিক্ষক নিয়োগের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে তা বাতিলেরও দাবি জানান শিক্ষকরা। পদ খালি না থাকলেও কেন শিক্ষক নিয়োগ হচ্ছে- শিক্ষকদের এ প্রশ্নের কোনো সদুত্তর নিবন্ধক দিতে পারেননি।
আন্দোলনরত শিক্ষকরা প্রায় দুই ঘণ্টা পর বেলা ১টার দিকে অবরোধ তুলে নেন।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এ মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অনিয়ম-দুর্নীতিগুলো চিহ্নিত করে সে বিষয়ে ব্যবস্থা নিতে শিক্ষকরা নিবন্ধককে বলেছেন।
‘অবৈধ’ নিয়োগ প্রক্রিয়া বন্ধ না হলে শিক্ষকরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও উল্লেখ করেন শিক্ষক সমিতির সভাপতি।
সমিতির সাধারণ সম্পাদক ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক শরীফ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের দাবির বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের প্রতিশ্রুতি পাইনি। আগামীতে আরো কঠোর কর্মসূচি দিয়ে প্রশাসনকে দাবি পূরণে বাধ্য করা হবে।”
দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক এস এম আনোরুল্লাহ ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অবৈধ নিয়োগ প্রক্রিয়া বন্ধ না হলে শিক্ষকরা তাদের কর্মসূচি অব্যাহত রাখবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/এমআই/১৮৪৫ ঘ.
bdnews24