শাহজালাল বিশ্ববিদ্যালয়, ফেব্রুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থনৈতিক সমস্যাই বাংলাদেশের শিক্ষার্থীদর বিজ্ঞান শিক্ষার প্রধান অন্তরায় বলে মনে করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।
বুধবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে কম্পিউটার বিজ্ঞানের এই শিক্ষক বলেন, “আমাদের জাতীয় আয়ের (জিডিপি) মাত্র ২ দশমিক ৬ শতাংশ শিক্ষাখাতে ব্যয় করা হয়। এত কম ব্যয় দিয়ে দেশে এর চেয়ে ভাল শিক্ষা দেওয়া সম্ভব নয়।
দেশে বিজ্ঞান শিক্ষার প্রসারে জিডিপি’র ছয় শতাংশ শিক্ষাখাতে ব্যয় করা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
বিশ্ববিদ্যালয়ে দুইদিনব্যাপী পদার্থবিজ্ঞানের জাতীয় সম্মেলনের শেষদিন ‘বাংলাদেশের বিজ্ঞান শিক্ষা জনপ্রিয়করণ’ র্শীষক মুক্ত আলোচনায় তিনি বক্তব্য দেন।
সম্মেলনের দ্বিতীয় ও শেষদিন বুধবার দুপুরের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘বাংলাদেশে বিজ্ঞান শিক্ষা জনপ্রিয়করণ’ শীর্ষক মুক্ত আলোচনাও অনুষ্ঠিত হয়।
অধ্যাপক জাফর ইকবালের সঞ্চালনায় মুক্ত আলোচনায় অংশ নেন শাবি উপাচার্য অধ্যাপক ড. সালেহ উদ্দিন, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. আলী আসগর, সাউথ ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. শমসের আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আরশাদ মোমিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালযের অধ্যাপক ড. অরুণ কুমার দেব, ব্রাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মফিজ উদ্দিন, অধ্যাপক ড. ইয়াসমিন হক, অধ্যাপক ড. সুশান্ত কুমার দাস প্রমুখ।
‘ন্যাশনাল কনফারেন্স অন এডভান্সেস ইন ফিজিকস ২০১২’ শীর্ষক এই দু’দিনব্যাপী পদার্থবিজ্ঞানের জাতীয় সম্মেলনে ১০ দফা ঘোষণা দেওয়া হয়।
ঘোষণার উল্লেখযোগ্য দফাগুলো হল-প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়নে জিডিপি’র ছয় শতাংশ ব্যয় করা, স্কুলগুলোতে বিশেষায়িত শিক্ষক নিয়োগ দেওয়া, প্রতিটি স্কুলে ব্যবহারিক পরীক্ষাগার স্থাপন, বিজ্ঞানের পাঠ্যপুস্তকগুলোকে সহজবোধ্য ও আনন্দময় করা এবং বিজ্ঞান শিক্ষার জন্য একটি টেলিভিশন চ্যানেল উন্মুক্ত করা।
সম্মেলনের শেষ দিন সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘এ’ এর গ্যালারিতে অনুষ্ঠিত হয় ইনভাইটেড টক। এতে প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আরশাদ মোমিন।
এছাড়া সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘এ’ তে দুইটি টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়। একাডেমিক ভবন ‘এ’ তে পদার্থবিজ্ঞান বিষয়ক বিভিন্ন পোস্টার প্রদর্শনীও হয়।
বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের আয়োজনে মঙ্গলবার দুইদিনব্যাপী এই জাতীয় সম্মেলন শুরু হয়। এতে দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় চার শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলন শেষ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩০ ঘ.
bdnews24