শাহজালাল বিশ্ববিদ্যালয়, ফেব্রুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মঙ্গলবার থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী পদার্থবিজ্ঞান জাতীয় সম্মেলন।
সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. সালেহ উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ইয়াসমিন হক।
বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানবিজ্ঞান বিভাগ এই সম্মেলনের আয়োজন করছে।
আহ্বায়ক ড. ইয়াসমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা প্রথমবারের মত এই সম্মেলনের আয়োজন করছি। সম্মেলনে দেশ-বিদেশের অনেক গবেষক অংশ নিচ্ছেন। দেশে বিজ্ঞান শিক্ষার অগ্রগতিতে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছি।”
দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চার শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেবে বলে আয়োজকরা জানিয়েছেন।
দুই দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে প্লেনারি সেশনে সভাপতিত্ব করবেন শাবিপ্রবি’র প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক ড. ছদরুদ্দিন আহমদ। এ অংশে প্রবন্ধ উপস্থাপন করবেন বুয়েটের অধ্যাপক ড. আলী আসগর।
এ ছাড়া সম্মেলনে বিভিন্ন প্রবন্ধের উপর আলোচনা করবেন ড. আলী আসগর, সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. শমসের আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আরশাদ মোমিন, আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. অশোক কে সেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালযের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. অরুণ কুমার দেব, শাবিপ্রবি’র সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল প্রমুখ।
সম্মেলনে বিভিন্ন টেকনিক্যাল সেশনে সভাপতিত্ব করবেন অধ্যাপক ড. ইয়াসমিন হক, অধ্যাপক ড. সুশান্ত কুমার দাস, অধ্যাপক ড. হাবিবুল আহসান, অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী, অধ্যাপক ড. আকতারুল ইসলাম।
এ ছাড়া দ্বিতীয় দিন বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘বাংলাদেশে বিজ্ঞান শিক্ষা জনপ্রিয়করণ’ শীর্ষক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২৩১২ ঘ.
bdnews24